প্রকাশ: রবিবার, ১ জুন, ২০২৫, ৮:০৯ পিএম আপডেট: ০১.০৬.২০২৫ ৯:১১ PM

তথ্যপ্রযুক্তিনির্ভর উদ্যোগ ছাড়া কৃষিকে আধুনিক ও লাভজনক করা সম্ভব নয়—এমন মন্তব্য করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। তিনি বলেন, ‘খামারি মোবাইল অ্যাপ’ এবং ‘ক্রপ জোনিং সিস্টেম’ ব্যবহারে কৃষি উৎপাদন যেমন বাড়বে, তেমনি কৃষকের আয়ও বাড়বে।
রোববার ডিএই যশোর কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কর্মশালার আয়োজন করে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)।
আলমগীর বিশ্বাস আরও বলেন, “সরকারের কৃষিবান্ধব নীতির ফলে কৃষি এখন ডিজিটাল বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। মাঠপর্যায়ে কৃষকদের পাশে আছে ডিএই এবং আগামীতেও থাকবে।”
কর্মশালায় জানানো হয়, ‘ক্রপ জোনিং সিস্টেম’ হলো এমন একটি আধুনিক কৃষি পরিকল্পনা পদ্ধতি, যা মাটি, জলবায়ু ও পানির প্রাপ্যতার ভিত্তিতে অঞ্চলভিত্তিক উপযোগী ফসল চিহ্নিত করে। এতে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয় এবং কৃষকের লাভ বৃদ্ধি পায়।
অন্যদিকে, ‘খামারি মোবাইল অ্যাপ’ একটি স্মার্টফোনভিত্তিক অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে কৃষকরা সহজে আবহাওয়ার পূর্বাভাস, রোগবালাই ব্যবস্থাপনা, সার প্রয়োগ, ফসল বীমা ও বাজারদরের তথ্য পেয়ে থাকেন। এটি তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিএআরসি’র সদস্য পরিচালক (শস্য) ও ক্রপ জোনিং প্রকল্পের কো-অর্ডিনেটর ড. মো. আবদুছ ছালাম। বিশেষ অতিথি ছিলেন ডিএই খামারবাড়ি ঢাকার অতিরিক্ত পরিচালক ড. মো. জামাল উদ্দীন।
স্বাগত বক্তব্য দেন প্রকল্পের ক্রপ এক্সপার্ট ড. মো. আজিজ জিলানী চৌধুরী। প্রজেক্ট ম্যানেজার মো. আবিদ হোসেন চৌধুরী ‘ক্রপ জোনিং সিস্টেম’ নিয়ে উপস্থাপনা করেন এবং কম্পিউটার ও জিআইএস ইউনিটের পরিচালক হাসান মো. হামিদুর রহমান ‘খামারি অ্যাপ’ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
বিশেষজ্ঞদের মতে, এসব প্রযুক্তিনির্ভর উদ্যোগ বাংলাদেশের কৃষিকে টেকসই, লাভজনক ও জলবায়ু-সহনশীল করার পথে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
স্বদেশ প্রতিদিন/কেএইচ