
বিএনপির সিনিয়র নেতা আ. খালেক বলেছেন, বিএনপি যদি চায়, তাহলে একটি ফুতেই এনসিপি ও বাংলাদেশের অন্য সব ছোটখাটো দল বাতাসে উড়ে যাবে। শুক্রবার (৩০ মে) বিএনপির এক রাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সেখানে তিনি সরকারের পাশাপাশি এনসিপি ও অন্যান্য দলগুলোর সমালোচনা করেন।
আ. খালেক বলেন, “আজ এনসিপির ছোট ছোট বাচ্চারা শত শত কোটি টাকার মালিক হয়েছে। তারা বিএনপিকে ভয় দেখায়। গতকাল তিনটি সংগঠনের জনসভায় ৫০ লক্ষ মানুষ হয়েছে। আমরা ফু দিলে এনসিপি আর বাংলাদেশের বাকি সব দল কোথায় উড়ে যাবে, বাতাসে খুঁজে পাওয়া যাবে না।”
তিনি এনসিপিকে ‘বাংলাদেশ চিলড্রেন পার্টি’ আখ্যা দিয়ে ব্যঙ্গ করে বলেন, “ছোটবেলায় আমরা পড়তাম—মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি... এখন এনসিপি বলে—এনসিপি এনসিপি কোথা যাও চুপি চুপি, দাঁড়াও না একবার ভাই, টাকা পাই যেইখানে, যাই মোরা সেইখানে, দাঁড়াবার সময় তো নাই।”
এনসিপি নেতাদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, আগে বিএনপির একটা ওয়ার্ডের নেতা হওয়ার যোগ্যতা অর্জন করো, তারপর স্বপ্ন দেখো। আবেগে অনেক কিছু বলা ঠিক না। আমরা চাই তোমরা আমাদের সঙ্গে থাকো, কিন্তু দায়িত্বজ্ঞানশীল হও।
সরকারবিরোধী আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, আমাদের ৬০ লক্ষ নেতাকর্মী জেল খেটেছেন। বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছেন। এই ৬০ লক্ষ বাঘ যদি একবার ডাক দেয়, তাহলে ইউনূস সাহেব, আপনি ফানুস হয়ে উড়ে যাবেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে আ. খালেক বলেন, আপনি নোবেল পেয়েছেন, আমরা আপনাকে সম্মান দিতে চাই। ডিসেম্বরেই ভালো নির্বাচন দিন। ভোট করতে চাইলে নির্বাচন করে প্রেসিডেন্ট হোন—আমরা মেনে নেবো। কিন্তু ভোট বানচালের চেষ্টা করলে জনগণ ক্ষমা করবে না।
আ. খালেক বক্তৃতার শেষদিকে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, সরকার, এনসিপি ও জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর