
গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, পরিস্থিতির উন্নতি না হলে তার দেশ ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।
শুক্রবার সিঙ্গাপুর সফরকালে এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, “গাজায় যেভাবে মানবিক সংকট দিন দিন চরমে উঠছে, তা মেনে নেওয়ার মতো নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয় থাকা উচিত নয়।” তিনি জানান, অবস্থা অনুকূলে না এলে ফ্রান্সকে আরও কঠোর অবস্থান নিতে হতে পারে।
প্রায় তিন মাস ধরে গাজায় ইসরায়েলের অবরোধের ফলে সেখানে খাদ্য ও ওষুধ সংকট চরমে পৌঁছেছে। জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করেছে।
ম্যাক্রোঁ বলেন, “মানবিক সহায়তা বন্ধ করে একটি অব্যবস্থাপনামূলক পরিস্থিতি তৈরি করা হচ্ছে। যদি দ্রুত কোনও পরিবর্তন না আসে, তাহলে আমাদের সম্মিলিত অবস্থান আরও কঠোর হতে বাধ্য হবে।”
তিনি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়ে বলেন, “আমি এখনো আশাবাদী, ইসরায়েল সরকার তাদের অবস্থান পরিবর্তন করবে এবং মানবিক দৃষ্টিভঙ্গিতে সাড়া দেবে।”
“ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা রাজনৈতিক প্রয়োজন”
ম্যাক্রোঁ আরও বলেন, “ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা শুধু নৈতিক দায়িত্ব নয়, বরং একটি রাজনৈতিক প্রয়োজনও।” তবে তিনি জানান, এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে অন্যতম হলো হামাসের নিরস্ত্রীকরণ।
সম্প্রতি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ানতো’র সঙ্গে যৌথ বিবৃতিতে ম্যাক্রোঁ গাজা দখল কিংবা সেখানকার জনগণকে জোরপূর্বক উচ্ছেদের যেকোনো পরিকল্পনার বিরোধিতা করেছেন।
ফ্রান্স এবং সৌদি আরব আগামী ১৭-২০ জুন একটি জাতিসংঘ সম্মেলনের আয়োজক, যেখানে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের রোডম্যাপ এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো আলোচনায় আসবে।
গাজায় খাদ্য সংকট ও সহিংসতা
গাজায় ক্ষুধা ও অপুষ্টিতে ভুগছে লাখো মানুষ। ২৬ মে দক্ষিণ গাজার খান ইউনুসের নাসের হাসপাতালে গুরুতর অপুষ্টিতে আক্রান্ত পাঁচ বছর বয়সী শিশু ওসামা আল-রাকাব চিকিৎসাধীন রয়েছে। ২ মার্চ থেকে সীমান্ত বন্ধ থাকায় অন্তত ৫৮ জন অপুষ্টিতে মারা গেছে এবং ২৪২ জন খাদ্য ও ওষুধের অভাবে প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে গাজা মিডিয়া অফিস।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত নতুন একটি বেসরকারি সংগঠন Gaza Humanitarian Foundation (GHF) সামান্য কিছু ত্রাণ সরবরাহ শুরু করলেও তা বিশৃঙ্খলা, লুটপাট ও সহিংসতা সৃষ্টি করেছে। বৃহস্পতিবার খান ইউনুসে এই সংস্থার ত্রাণ বিতরণ কেন্দ্রের বাইরে ইসরায়েলি গুলিতে কয়েকজন আহত হন।
জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA জানিয়েছে, জর্ডানের রাজধানী আম্মানে তাদের গুদামে থাকা খাদ্য, চিকিৎসা ও স্বাস্থ্যসামগ্রী গাজায় পাঠানোর জন্য প্রস্তুত আছে, কেবল অনুমতির অপেক্ষায়।
যুদ্ধবিরতির উদ্যোগ
এই সংকটের মধ্যেই যুক্তরাষ্ট্র নতুন একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। তবে হামাস বলেছে, প্রস্তাবটি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে এবং বর্তমান কাঠামোতে তা বাস্তবায়িত হলে “হত্যা ও দুর্ভিক্ষই কেবল চলতে থাকবে”।
স্বদেশ প্রতিদিন/কেএইচ