প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৭:৪৪ পিএম

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি
“শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা দখল করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেননি, বরং জাতির ক্রান্তিকালে জনগণের দাবির প্রেক্ষিতে তিনি দেশের দায়িত্ব গ্রহণ করেছিলেন”- এমন মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
আজ শুক্রবার (৩০ মে) শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।
তিনি বলেন, “জিয়াউর রহমান দায়িত্ব নিয়েছিলেন মানুষের মুক্তির জন্য। অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তি এবং জাতীয় মুক্তির লক্ষ্যে। তিনি স্বপ্ন দেখেছিলেন একটি উন্নত বাংলাদেশের, যেখানে সবাই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করবে, দেশের সমৃদ্ধি ঘটাবে এবং জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবে।”
উপাচার্য আরো বলেন, “স্বাধীনতার পরে স্থাপিত প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে শহিদ জিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়ক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। আমরা যারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে আছি, তার সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব।”
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয় চত্বর প্রদক্ষিণ শেষে শহিদ জিয়াউর রহমানের স্মরণে স্থাপিত ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে শেষ হয়। এছাড়া শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে জুমার নামাজ শেষে দোয়া ও মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়।
শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-উপাচার্য প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মনজুরুল হক প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/আইএমএস