প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৭:১৫ পিএম

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড চাঁদপুরে
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে দেশের উপকূল অতিক্রম করেছে। এই সময় নিম্নচাপের প্রভাবে চাঁদপুরে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত ছিলো। আবহাওয়া অফিস জানিয়েছে জেলায় গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ২৪২ মিলিমিটার। যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড।
আজ শুক্রবার (৩০ মে) বিকেল ৩ টায় এসব তথ্য জানান চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব।
তিনি বলেন, চাঁদপুর জেলায় ২৯ মে সকাল সাড়ে ৯টা থেকে সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ২৪২ মিলিমিটার। এরপর বৃষ্টিপাত কমে যায়। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১১ মিলিমিটার। বর্তমানে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাত নেই।
চাঁদপুর নদী বন্দরের (ট্রাফিক বিভাগ) উপ-পরিচালক বাবু লাল বৈদ্য জানান, বৈরি আবহাওয়ার কারণে চাঁদপুর-ঢাকা রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে চাঁদপুর-নারায়নগঞ্জের মধ্যে ছোট লঞ্চ চলাচল এখনো বন্ধ রয়েছে।
বিআইডাব্লিউটিসি হারিণা ফেরিঘাট কার্যালয়ের ম্যানেজার ফয়সাল চৌধুরী জানান, অপরদিকে চাঁদপুর-শরীয়তপুর নৌ রুটের ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত বলেন, “চাঁদপুরে এখন পর্যন্ত বড় ধরনের কোন সমস্যা হয়নি। সবকিছু স্বাভাবিক রয়েছে। তারপরেও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিনসহ শহরের পুরান বাজার রনাগোয়াল, বহরিয়া ও হরিণা এলাকা পরিদর্শন করা হয়েছে। এসময় উপকূলীয় এলাকার লোকজনের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন জেলা প্রশাসক।”
স্বদেশ প্রতিদিন/আইএমএস