প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৭:৫৫ পিএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজকে এবার অনলাইনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (ডিজি) করা হয়েছে ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিমসহ দুইজনের নামে।
এ বিষয়ে শুক্রবার (৩০ মে) বিকাল ৫টায় শাহবাগ থানায় জিডি করেন আবরার ফাইয়াজ।
আবরার ফাহাদের হত্যাকে একটি মহল বৈধতা দেওয়ার চেষ্টা করছে বলে সাংবাদিকদের জানান তিনি। তিনি বলেন, ধারণা করছি এ কারণেই ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে এমন হুমকি দিয়েছেন তারা।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করেন এই বুয়েট শিক্ষার্থী। এছাড়াও নিজের এবং পরিবার নিয়ে শঙ্কার কথা জানান তিনি।
সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর। তিনি জানান, নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ শাহবাগ থানায় একটি জিডি করেছেন। জিডিটি সাইবার ক্রাইমে পাঠানো হবে। এ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিবে তারা।
প্রসঙ্গত, গত ২৭ মে আওয়ামী শাসনের একটি রায় নিয়ে ফেসবুক পোস্ট দেন আবরার ফাইয়াজ। সেই পোস্ট শেয়ার দিয়ে বিরূপ মন্তব্য করেন ঢাকা মহানগরীর সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিম। এরই পরিপ্রেক্ষিতে শাহবাগ থানায় জিডি করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/আইজেপি