প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১:২৭ পিএম

সৌদিতে লরি চাপায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
সৌদি আরবের তাবুক শহরে লরি চাপায় সাইফুল ইসলাম (৩৮) নামে নোয়াখালীর এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মো. সালাহ উদ্দিন। এর আগে, গতকাল বুধবার (২৮ মে) তাবুক শহরের স্থানীয় একটি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত প্রবাসী যুবক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জুনাহাজী ভূঁইয়া বাড়ির বাসিন্দা এবং মৃত নুরু পুলিশের ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক। পরিবার-পরিজনের মুখে হাসি ফোটাতে দেড় বছর আগে প্রবাসে পাড়ি জমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল সৌদি আরবে একটি পেট্রোল পাম্পে কাজ করতেন। কাজ করার সময় একটি গাড়িতে তেল দিচ্ছিলেন তিনি। এ সময় একটি লরি দ্রুতগতিতে এসে তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাইফুলের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে পরিবার ও এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।
কাদিরপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. ফয়েজ উল্যাহ ভূঁইয়া তনু জানান, সাইফুলের মৃত্যুতে আমরা সবাই শোকাহত। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহায়তা কামনা করছি।
স্বদেশ প্রতিদিন/এমএম