প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ২:৫৪ পিএম আপডেট: ২৮.০৫.২০২৫ ৩:০৬ PM

রাজধানীর নয়াপল্টন
‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ এই স্লোগানে মুখরিত রাজধানীর নয়াপল্টন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসেছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এই সমাবেশের আয়োজন করেছে বিএনপির তিন অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল।
আজ বুধবার দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিভাগীয় যুব সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই সেখানে নেতাকর্মীদের ঢলে কানায় কানায় পরিপূর্ণ সমাবেশ স্থল। তারুণ্যের এই সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দিনের আলো ফোটার পর থেকেই রাজধানীসহ সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে এসেছেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন এলাকা রূপ নিয়েছে জনসমুদ্রে। দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গিয়েছে পুরো এলাকা।
এদিকে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। যানজট এড়াতে নয়াপল্টনের উভয়পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে- এই সমাবেশের মূল উদ্দেশ্য হলো দেশের তরুণ সমাজের উদ্বেগ-উৎকণ্ঠা, প্রত্যাশা ও রাজনৈতিক অংশগ্রহণকে কেন্দ্র করে একটি ইতিবাচক বার্তা দেওয়া।
স্বদেশ প্রতিদিন/আইএমএস