প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ১১:৩৬ AM

বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা সাক্ষাৎকার অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন..
বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসগুলোতে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা সাক্ষাৎকার গ্রহণ অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন।
বুধবার (২৮ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নির্দেশনা দিয়ে একটি স্মারকলিপি পাঠিয়েছেন দূতাবাসগুলোতে, যেখানে বলা হয়েছে—পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন সাক্ষাৎকারের কার্যক্রম বন্ধ থাকবে।
কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া ভেটিং বা যাচাই প্রক্রিয়া জোরদার করার পরিকল্পনা। এ পদক্ষেপে দূতাবাস ও কনস্যুলেটগুলোর কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
যেসব শিক্ষার্থীর ইতোমধ্যে সাক্ষাৎকার নির্ধারিত আছে, তারা প্রক্রিয়া চালিয়ে যেতে পারবেন।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি বলেন, ‘আমাদের দেশে কে আসছে, সেটা যাচাই করার প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই পদক্ষেপ নেয়া হয়েছে এবং এটি অব্যাহত থাকবে।’
এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন ট্রাম্প প্রশাসন এবং কিছু অভিজাত মার্কিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পর্ক উত্তপ্ত। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করছেন, এসব বিশ্ববিদ্যালয় বামপন্থী মতাদর্শ ছড়াচ্ছে এবং ফিলিস্তিনপন্থী আন্দোলনকে প্রশ্রয় দিচ্ছে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এই বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে। গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক ছাত্র ভর্তি এবং বিদেশি গবেষকদের নিয়োগে হার্ভার্ডের ক্ষমতা বাতিল করে এবং প্রায় ১০০ মিলিয়ন ডলারের তহবিল প্রত্যাহার করে নেয়।
বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই ধরনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ভয়াবহ প্রভাব ফেলতে পারে। কারণ অনেক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানই তাদের বাজেটের একটি বড় অংশ বিদেশি শিক্ষার্থীদের উচ্চ টিউশন ফি-র ওপর নির্ভর করে।
সূত্র: বিবিসি
স্বদেশ প্রতিদিন/এমএম