| শিরোনাম: |

কুড়িগ্রামে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করে কুড়িগ্রাম জেলা প্রশাসন। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এবং স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এতে সহায়তা করে।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। তিনি বলেন, “কুড়িগ্রামে বর্তমানে প্রায় চার শতাধিক তামাক চাষি রয়েছেন। আমরা তাদের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে তামাক চাষের পরিবর্তে আলু ও ভুট্টা চাষে উদ্বুদ্ধ করবো। যারা তামাক চাষ ছেড়ে বিকল্প ফসল চাষে আগ্রহী হবেন, তাদেরকে কৃষি প্রণোদনাসহ সরকারি সব ধরনের সহায়তা দেওয়া হবে।”
প্রশিক্ষণে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায় ডিজিটাল স্ক্রিনে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সঞ্চালনায় ছিলেন এনডিসি সায়েখুল হাসান খান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. আরাফাত রহমান, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।
প্রশিক্ষণে বক্তারা তামাকের স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির দিক তুলে ধরে এর বিকল্প ফসল উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।