প্রকাশ: রবিবার, ২৫ মে, ২০২৫, ৮:০৭ পিএম আপডেট: ২৫.০৫.২০২৫ ৮:১১ PM

কুমিল্লার মনোহরগঞ্জে ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রকে ক্লাস চলাকালীন পাঠদানকৃত শিক্ষক শাসন করায় প্রধান শিক্ষকের উপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে।
রবিবার (২৫মে) মনোহরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন হামলার শিকার ঐ প্রধান শিক্ষক।
সরজমিনে জানা যায়, শনিবার (২৪ মে) ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ফাহাদ হোসেন ক্লাস চলাকালীন সময় উচ্চস্বরে কথা বলায় সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন তাকে শাসন করেন। বিষয়টি শিক্ষার্থীর বাবা খোরশেদ আলম অবগত হলে বিকাল সাড়ে ৩টায় স্কুল অফিসে বহিরাগত লোকজন নিয়ে প্রবেশ করেন। স্কুলে শিক্ষক শাখাওয়াত হোসেনকে না পেয়ে পরবর্তীতে প্রধান শিক্ষক ইলিয়াস ভূঁইয়ার উপর হামলা করেন তারা।
পরে বিষয়টি জানতে পেরে স্কুলের সকল শিক্ষার্থী ক্লাস বর্জন করে শিক্ষকের উপর হওয়া হামলার বিচার দাবি করে। বিদ্যালয়ের অন্য শিক্ষকেরা সে সময় ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে প্রধান শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহির কাছ জানাতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে সাথে সাথেই সেনাবাহিনী পাঠানো হয়। এ ঘটনায় একজনকে আটক করছে থানা পুলিশ।
মনোহরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহতাসিম বিল্লাহ জানান, খবর পেয়ে তিনি প্রধান শিক্ষককের সাথে কথা বলেছেন। পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে পরামর্শ চলছে।
সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন বলেন, ক্লাস চলাকালীন সময় সেই ছাত্র উচ্চস্বরে কথা ও হাসিঠাট্টা করলে তাকে শাসন করি। তবে জোরালোভাবে কোনো বেত্রাঘাত করা হয়নি তাকে।
তিনি আরো বলেন, সে বাহিরে গিয়ে লোকজন নিয়ে আমাকে আঘাত করতে। ঘটনাস্থলে আমাকে না পেয়ে পরে প্রধান শিক্ষককে আঘাত করে। তাদের সাথেই হাবিব নামের একজন ব্যক্তি, যিনি অসদাচরণ ও প্রধান শিক্ষকের গায়ে আঘাত করছে।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনার স্থলে গিয়ে ছাত্র ফাহাদ ও তার বাবা খোরশেদ আলম মিন্টুকে জিজ্ঞেসবাদের জন্য থানায় নিয়ে যায়। বর্তমানে তারা থানায় রয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/আইজেপি