প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৪:৩৫ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে কাঠবোঝাই বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কেড়ে নিল আ. হালিম ও আঙুর মিয়া নামের দুই ব্যক্তির প্রাণ। তাদের মধ্যে হালিম ঘটনাস্থলেই মারা যায়। এই সময় আহত হন ৫ জন।
আজ শুক্রবার (২৩ মে) সকাল সাতটার দিকে আকবর নগর এলাকায় সকালের বাজার চলছিল। এই সময় কিশোরগঞ্জ থেকে ভৈরবগামী ট্রাক দুই টি সিএনজিকে পিছন থেকে ধাক্কা দিয়ে বাজারের লোকদের চাপা দেয়। এই সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আঃ হালিম নামের একজন মারা যায়। আ. হালিম আকবরনগর গ্রামের মৃত সাবু মিয়ার ছেলে, তিনি পেশায় আমিন।
আরো জানা যায়, অন্যান্য আহতদের উদ্ধার করে এলাকাবাসী ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আঙুর মিয়া নামের একজনকে মৃত ঘোষণা করেন। মৃত আলেক চাঁন মিয়ার ছেলে আঙুর মিয়া। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেলেও ট্রাকটিকে আটকের পর থানায় নিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর আনুমানিক সাড়ে ছয়টার সময় কাঠ বোঝাই একটি ট্রাক ভৈরবের দিকে আসছিল। সামনে দু টি সিএনজি ছিল। চালক হর্ন বাজাতে থাকলেও সিএনজি দুটো সাইড দিচ্ছিল না। চালক ওভার লোড ট্রাকটি সাইড না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এক পর্যায়ে বাজারের লোকজনের উপর দিয়েই ট্রাক চালিয়ে নিয়ে বড়ো একটি গাছের সাথে ধাক্কা লাগে। এই সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা যায়, অপরজন মারা যায় হাসপাতালে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সোহাবুর রহমান বলেন, আমি ৯৯৯য়ে খবর পেয়ে প্রথমে একটি টিম পাঠাই, পরে আমি নিজেও ঘটনা স্থল পরিদর্শন করি। ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। তাদের আটকের জন্য চেষ্টা চলছে।
স্বদেশ প্রতিদিন/আইএমএস