প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ৭:৩০ পিএম আপডেট: ১৯.০৫.২০২৫ ১:০১ PM

গত কয়েক দিনের ভারি বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রৌমারীর জিঞ্জিরাম নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ভেসে গিয়েছে জিঞ্জিরাম নদীর উপর থাকা ৬০ থেকে ৭০ মিটারের কাঠের সাঁকোটি। এতে রৌমারী উপজেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ১১ গ্রামের ৩০ হাজার মানুষের। উপজেলার সাথে যোগাযোগের একমাত্র ভরসা ছিলো এই কাঠের সাঁকোটি।
গত শনিবার পাহাড়ি ঢলে কচুরিপানা আটকে সাঁকোটি ভেঙ্গে লণ্ডভণ্ড হয়ে যায়। আজ রবিবার বেলা সাড়ে ১২টার দিকে সরোজমিনে গিয়ে এসব চিত্র দেখা যায়। জানা যায়, দেশ স্বাধীনের পর থেকে এই জিঞ্জিরাম নদীতে ছোটো নৌকা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত পারাপার হতো এই ১১ গ্রামের মানুষ। এরপর গ্রামগুলোর দুর্ভোগ কমাতে জিঞ্জিরাম নদীর উপর নির্মাণ করা হয় কাঠের সাঁকোটি।
স্থানীয় বাসিন্দারা বলেন, প্রায় ৬০ থেকে ৭০ মিটারের কাঠের সাঁকোর মাঝে ভেঙ্গে যাওয়ায় রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া, বকবান্দা, ব্যাপাড়ীপারা, বকবান্দা নামাপাড়া, খেওয়ারচর, আগলারচর, ঝাউবাড়ী, পাঠাধোয়াপাড়াসহ প্রায় ১১টি গ্রামবাসিন্দাদের যাতায়াত ও উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ রক্ষার একমাত্র সাঁকো এটি। সাঁকোটি ভাঙায় ১১ গ্রামের মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এতে কৃষকের কৃষি পণ্য বাজারজাত করণে, স্কুল- কলেজে যাতায়ত সহ চিকিৎসা নিতে যেতেও ব্যাপক সমস্যা হচ্ছে।
রৌমারী উপজেলার নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার বলেন, এ বিষয়ে আমার জানা নেই। তবে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের বলা আছে ঝড়ে কিংবা অন্য কোনো কারণে ক্ষতি হলে সেটি প্রকল্পের মাধ্যমে কাজ করা হবে।
স্বদেশ প্রতিদিন/আইএমএস