প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ৬:১৭ পিএম আপডেট: ১৮.০৫.২০২৫ ৬:৫৩ PM

ফরিদপুরে বজ্রপাতের ফলে একটি তুলার গোডাউন পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টায় জেলা সদরের কানাইপুর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
ঘটনাসূত্রে জানা যায়, রাত ৯টায় ঝড়-বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় বাজারের আমির হোসেনের তুলার গোডাউনের পাশের খেজুর গাছের ওপর বজ্রপাত হলে, গাছে আগুন ধরে যায়। গাছের ওই অংশ বিশেষ গোডাউনের ওপর পড়লে পরবর্তীতে আগুন ছড়িয়ে পড়ে। এতে পুড়ে যায় তুলার গোডাউনটি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর পূর্বেই গোডাউনে থাকা তুলার বেশিরভাগ অংশ পুড়ে যায়।
ঝড়বৃষ্টির সাথে বজ্রপাত হলে তুলার গোডাউনে আগুন ধরে যায় বলে জানিয়েছেন কানাইপুর বাজারের ব্যবসায়ী দিপংকর ঘোষ।
এ ব্যাপারে ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থলে এসে বজ্রপাতের ফলে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানতে পারেন তিনি। এছাড়াও ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়ে পরে বলা যাবে বলে জানান তিনি।
স্বদেশ প্রতিদিন/আইজেপি