প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ৬:১৫ পিএম

নাটোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়াকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধারের পর তাকে প্রথমে সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
শনিবার দিবাগত রাতে সদরের খোলাবাড়িয়া ইউনিয়নের আমিরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। আহত মামুন লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাতেন ভূঁইয়ার ছেলে। হাসপাতালে ভর্তি মামুন বলেন, আমি ব্যবসায়ের কাজে রাজশাহীতে গিয়েছিলাম। সেখান থেকে নাটোরের বিএনপি কর্মী সজীব, শাহীন, রব মিয়াসহ অনেকে আমাকে ধরে গাড়িতে তুলে আমিরগঞ্জ বাজারে নিয়ে আসে।
মামুন আরো বলেন, এখানে এনে আমাকে ইচ্ছেমতো মারধর এবং কুপিয়ে জখম করে। আমাকে বাঁচাতে কাউকে এগিয়ে আসতে দেয়নি তারা।
নাটোর আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. সুব্রত বলেন, রাতে মামুনকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা গুরুতর ছিল। মাথায় আঘাতসহ পায়ের দুই জায়গায় তার ক্ষত চিহ্ন রয়েছে।
সদর থানার ওসি মাহবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও আগেই স্বজনরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/আইএমএস