প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১১:১৫ পিএম

পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় ও আন্তর্জাতিক পরিবেশ-সংক্রান্ত অঙ্গীকার পূরণে সরকারি, বেসরকারি সংস্থা এবং ব্যক্তি পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচিতে এখন থেকে ইউক্যালিপটাস ও আকাশমণির মতো আগ্রাসী প্রজাতির গাছের পরিবর্তে দেশীয় ফলজ, বনজ ও ওষধি প্রজাতির গাছ রোপণ করতে হবে।
পরিবেশবিদদের মতে, ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ মাটি থেকে অতিরিক্ত পানি শোষণ করে, যার ফলে মাটির আর্দ্রতা হ্রাস পায়। এই গাছের পাতায় থাকা টক্সিন মাটিতে পড়ে তাকে বিষাক্ত করে তোলে, যার ফলে অন্য কোনো গাছের বংশ বিস্তার বাধাগ্রস্ত হয়। এছাড়া, এই গাছগুলোতে দেশীয় পাখি, পোকামাকড় ও প্রাণী সহজে আশ্রয় নিতে পারে না, ফলে স্থানীয় জীববৈচিত্র্যের উপরও নেতিবাচক প্রভাব পড়ে।
মন্ত্রণালয় জানিয়েছে, পরিবেশ রক্ষা ও টেকসই বনায়নের লক্ষ্যে দেশের নাগরিকদের দেশীয় প্রজাতির বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা হচ্ছে। একইসঙ্গে, পরিবেশবান্ধব ও ভারসাম্যপূর্ণ বনায়নের অংশ হিসেবে ফলদ, বনজ ও ওষধি প্রজাতির চারা ব্যবহারের উপর গুরুত্বারোপ করা হয়েছে।
এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর