প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১২:১৯ AM

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রিতু আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে ভুক্তভোগী শিক্ষার্থীর মা রাবেয়া আক্তার দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
রিতু উপজেলার পদুয়া ইউনিয়নের মহিষমারি গ্রামের রাজু মিয়ার মেয়ে। সে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৩ মে) বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শেষে আনুমানিক দুপুর ২টার দিকে রিতু বাড়ি ফিরছিল। পথে খালিশা বাজার সিএনজি স্টেশন সংলগ্ন সড়কে পৌঁছালে একটি সাদা রঙের অজ্ঞাত মাইক্রোবাস এসে তার গতিরোধ করে। মাইক্রোবাসে থাকা ৪-৫ জন যুবক রিতুকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। একপর্যায়ে রিতুর চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এলেও অপহরণকারীরা দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যায়। ঘটনার পর আত্মীয়-স্বজন ও স্থানীয়ভাবে অনেক খোঁজাখুঁজি করেও রিতুর কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন তার পরিবার।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “রিতুর মা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। শিক্ষার্থীকে উদ্ধারে সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।”
স্বদেশ প্রতিদিন/এনআর