প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৯:০৮ পিএম

যৌতুকবিহীন বিয়ে করায় ২০ নবদম্পতিকে উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। বুধবার (৭ মে) বিকালে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ব্যতিক্রমধর্মী এই সংবর্ধনার আয়োজন করে গঙ্গাচড়া উপজেলা জামায়াত। গঙ্গাচড়া মানবকল্যাণ ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে এ সংবর্ধনা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
নবদম্পতি পরিবারগুলোকে উপহার হিসেবে দেওয়া হয় স্বর্ণালংকার, নগদ অর্থ, খাট, তোশক, বালিশ, কম্বল, আলমারিরসহ সাংসারিক জীবনের প্রয়োজনীয় বিভিন্ন আসবাব। এর আগে গত ২১ এপ্রিল ঢাকায় একটি অভিজাত কমিউনিটি সেন্টারে জাঁকজমকপূর্ণভাবে বিয়ে দেওয়া হয় তাদের।
উপহার পাওয়া প্রসঙ্গে উপজেলার মর্ণেয়া ইউনিয়নের মাসুদ রানা ও শারমিন আক্তার দম্পতি বলেন, যৌতুক নেওয়া ও দেওয়া ইসলামী শরিয়ায় হারাম। এ ছাড়া বাংলাদেশের আইনেও এটা নিষিদ্ধ। আর যৌতুক দিতে যে একটা পরিবারের কত কষ্ট হয় তা আমরা বুঝি। এজন্য সাধ্য অনুযায়ী যৌতুক ছাড়া বিয়ে করেছি।
নাহিদ হাসান নামের একজন বলেন, আমাদেরকে প্লেনে করে ঢাকায় নিয়ে গিয়ে একটি অভিজাত হোটেলে বিয়ের অনুষ্ঠানে করা হয়। আজ আমাদের আসবাপত্র দেওয়া হলো। জামাতে ইসলামীকে ধন্যবাদ আমাদেরকে নিয়ে এধরনের আয়োজন করার জন্য। আমি আমার মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বিয়ের সময় শ্বশুর বাড়ির লোকজনকে কষ্ট দিয়ে কিছু নেবেন না। এতে আল্লাহ নারাজ হন।
মহৎ এই উদ্যোগ সম্পর্কে উপজেলা শাখার আমির মাওলানা নায়েবুজ্জামান বলেন, আমরা বিশ্বাস করি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে বাস্তবিক সহায়তা প্রয়োজন। যারা আর্থিকভাবে বিয়ের আয়োজন করতে অক্ষম, তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সমাজে যৌতুকবিরোধী সচেতনতা বাড়াতে এবং তরুণ প্রজন্মের মধ্যে মানবিক ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ ঘটাতে এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী,সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, জামায়াত নেতা অধ্যক্ষ রোকনমুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এসকে