প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ১:৪৯ পিএম আপডেট: ০৭.০৫.২০২৫ ৪:১১ PM

পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের ২৪টি ক্ষেপণাস্ত্র হামলায় ৭০ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। ‘অপারেশন সিঁদুর’ নামের এই অভিযানটি শুধু একটি সামরিক প্রতিক্রিয়া নয়, বরং একটি কৌশলগত সংকল্পের বার্তা ছিল বলে জানিয়েছে ভারত সরকার।
হামলাগুলো গত বুধবার (৭ মে) রাত ১টা ৪৪ মিনিটে চালানো হয়। ভারতের দাবি, নিহতদের সবাই সন্ত্রাসী। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সূত্র মতে, ২৪টি সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯ টি সন্ত্রাসী সংশ্লিষ্ট স্থানে চালানো হয়েছে। এই হামলায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সংশ্লিষ্ট স্থানে ৬০ জনেরও বেশি সদস্য আহত হয়েছেন। হামলার লক্ষ্য ছিল সন্ত্রাসী কার্যকলাপের প্রধান কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত ৯টি স্থান। চিহ্নিত স্থানগুলো হচ্ছে:- মুজাফফরাবাদ, কোটলি, বহাওয়ালপুর, রাওয়ালাকোট, চকসওয়ারি, ভিম্বের, নীলাম ভ্যালি, জেলাম এবং চকওয়াল।
ভারত দাবি করছে, এই ক্ষেপণাস্ত্রগুলো লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মোহাম্মদ গ্রুপের শিবিরগুলোকে লক্ষ্য করে আঘাত হেনেছে। এতে চিহ্নিত সন্ত্রাসী সংগঠনগুলোর সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানায়, এই হামলায় লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মোহাম্মদের শীর্ষস্থানীয় কমান্ডাররা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রশিক্ষক এবং লজিস্টিক কর্মকর্তারাও ছিলেন, যারা পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চলে নিরাপত্তাহীনতায় নির্বিঘ্নে কাজ করছিলেন।
অপরদিকে পাকিস্তান সরকার জানায়, ভারতের হামলায় অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। এ ছাড়া আরও দুই জন নিখোঁজ রয়েছেন।
মূলত জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে গত ২২ এপ্রিলের ভয়াবহ সন্ত্রাসী হামলার জবাবে এই হামলা চালানো হয়। সেই হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। যাদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালের নাগরিক।
সূত্র: এনডিটিভি
স্বদেশ প্রতিদিন/এমএম