প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ১২:৫৭ পিএম আপডেট: ০৩.০৫.২০২৫ ৪:১১ PM

সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগে ভাংচুর ও হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা যায়, শাহিনুর নামের এক রোগী সকালে জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে ইনডোরে ভর্তি হন। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে না পেয়ে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তারা ফের জরুরি বিভাগে ফিরে এসে কর্তব্যরত স্টাফদের সঙ্গে তর্কবিতর্কে জড়ান। একপর্যায়ে রোগীর সঙ্গে আসা তার আত্মীয়-স্বজনরা আরো কয়েকজনকে ডেকে স্টাফদের ওপর হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেন।
হামলার সময় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি বিভাগে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফয়সাল আহমেদ বলেন, “দুইজন ডাক্তারসহ সাতজন জরুরি স্টাফের উপর হামলা চালানো হয়েছে। এতে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বর্তমানে জরুরি বিভাগে সেবা দেওয়ার মতো পরিবেশ নেই।”
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্বদেশ প্রতিদিন/এনআর