প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ৮:১৮ পিএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ- এর গুলিতে রিয়াজ (২০) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (০১ মে) রাতে উপজেলার কুসুমপুর বিওপির পিপুলবাড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে। জানা যায় আহত রিয়াজ পিপুল বাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
রিয়াজের চাচাতো ভাই সুমন বলেন, ‘বৃহস্পতিবার রাতে রিয়াজ সীমান্তের খালের ধারের মাঠের ধানের জমিতে আটকে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য যায়। এ সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে রিয়াদ সেখানে অজ্ঞান হয়ে পরে থাকে। পরে এলাকাবাসী গুলির শব্দ শুনে মাঠে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায়
উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।’
এ ব্যাপারে যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ইমন হোসেন বলেন, ‘রিয়াজের শরীর থেকে ছররা গুলির কিছু অংশ বের করা হয়েছে। তবে একটি গুলি কিডনির পাশ দিয়ে ঢুকে গেছে। যশোরে প্রয়োজনীয় সুবিধা না থাকায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, ‘গুলিবিদ্ধ হয়েছে এমন খবর আমাদের কাছে আসেনি। যদি আসে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম