প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৯:৫১ পিএম

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে একটি সিম্পোজিয়ামের আয়োজন করছে বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম)। এতে অংশ নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমসহ দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক ও গবেষকরা।
আগামী শনিবার (৩ মে) দুপুর ৩টায় ধানমণ্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য এর অডিটরিয়মে এই সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিজেআইএমের আহ্বায়ক স্যাম জাহান ও সদস্য সচিব মোহাম্মদ আলী মাজেদের স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ আফটার দ্য মনসুন আপরাইজিং : দ্য মিডিয়া ল্যান্ডস্ক্যাপ’ শীর্ষক এই সিম্পোজিয়ামটি তিনটি সেশনে অনুষ্ঠিত হবে। যেখানে প্রথম সেশনে উপস্থাপন করা হবে বিজেআইএম প্রতিষ্ঠার পর থেকে এর অর্জনের একটি সারসংক্ষেপ ও পরিকল্পনার রূপরেখা।
দ্বিতীয় সেশনে থাকবে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। যেটি বিজেআইএমের একজন সদস্যের পরিচালনায় প্রেসসচিব শফিকুল আলমের সাথে অনুষ্ঠিত হবে। এতে সংবাদপত্রের স্বাধীনতা, রাজনীতি, কূটনীতি, ভবিষ্যৎ এবং আমলাতন্ত্রসহ ইত্যাদি যেকোনো বিষয়ে প্রশ্ন করা যাবে।
তৃতীয় সেশনে দেশের নেতৃত্বাস্থানীয় সাংবাদিক, গবেষক ও এক্টিভিস্টদের নিয়ে একটি প্যানেল আলোচনা হবে। এতে অংশ নিবেন- প্রথম আলোর ইংরেজি বিভাগের প্রধান আয়েশা কবির, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)-এর প্রতিনিধি সেলিম সামাদ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রধান প্রতিবেদক আব্বাস উদ্দিন, ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক জাইমা ইসলামসহ প্রমুখ।
সিম্পোজিয়ামে অংশ নিতে পারবে সাংবাদিক, গবেষক, শিক্ষার্থী, রাজনীতিবিদ, কূটনীতিকসহ সর্বসাধারণ মানুষের যে কেউ। তবে আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের দ্রুত নাম, বয়স, পেশা ও যোগাযোগ নম্বরসহ
[email protected]এ প্রাক-নিবন্ধন করতে হবে।
স্বদেশ প্রতিদিন/আইজেপি