মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সিন্ধু জল চুক্তি স্থগিতের 'জবাবে' সিমলা চুক্তি স্থগিত, কার লাভ কার ক্ষতি?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১২:৪৬ পিএম

সিন্ধু জল চুক্তি স্থগিতের 'জবাবে' সিমলা চুক্তি স্থগিত, কার লাভ কার ক্ষতি?

সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে সিন্ধু জল চুক্তি এবং 'তার জবাবে' পাকিস্তানের পক্ষ থেকে সিমলা চুক্তি স্থগিত নিয়ে দুই দেশেই ব্যাপক আলোচনা হচ্ছে। এখন প্রশ্ন হলো দুই দেশের পরিপ্রেক্ষিতে এই দুই চুক্তির কতটা গুরুত্ব রয়েছে।

পররাষ্ট্রনীতি বিশ্লেষক মাইকেল কুগেলম্যান এক্স হ্যান্ডেলে লিখেছেন, "সিন্ধু জল চুক্তি এবং সিমলা চুক্তি পাকিস্তান ও ভারতের মধ্যে তীব্র উত্তেজনার সময়ে সহযোগিতা এবং যোগাযোগের একটা ভিত্তি নিশ্চিত করার জন্য নিরাপত্তা জাল হিসেবে কাজ করেছিল। তাদের (ভারত-পাকিস্তান) সম্পর্কের ঝুঁকিপূর্ণ অঞ্চলে প্রবেশ করার আশঙ্কা রয়েছে।"

এখন প্রশ্ন হলো সিন্ধু জল চুক্তি স্থগিতের প্রতিক্রিয়ায় পাকিস্তানের সিমলা চুক্তি থেকে সরে আসা কতটা উপযুক্ত জবাব?

এই প্রশ্নের উত্তরে অধ্যাপক মহেন্দ্র পি লামা বলছেন, "সিমলা চুক্তি ইতিমধ্যেই মৃত, অথচ সিন্ধু জল চুক্তির প্রতিটা লাইন এখনও জীবিত। একটা মৃত চুক্তির সঙ্গে একটা জীবন্ত এবং কার্যকর চুক্তির তুলনা হতে পারে না। পাকিস্তানের জনগণ সেই চুক্তি স্থগিত করার কথা বলছেন, যা তারা নিজেরা অনেক আগেই হত্যা করেছে।"

অধ্যাপক লামা বলছেন, "সিন্ধু জল চুক্তি স্থগিতের ফলে পাকিস্তানের ওপর খুব খারাপ প্রভাব পড়বে। পাকিস্তানের জনসংখ্যার ৮০ শতাংশেরও বেশি প্রভাবিত হবে কারণ সিন্ধু নদের ৭০ শতাংশ জল পাকিস্তানে যায়।"

তিনি বলেন, "পাকিস্তানের কৃষিপণ্যের ৮০ শতাংশেরও বেশি সিন্ধু জল চুক্তির ওপর নির্ভর করে। এই জল বন্ধ করা গেলে পাকিস্তানের মানুষকে বেশ সমস্যায় পড়তে হবে।"

সিন্ধু জল চুক্তি ভাঙলে ভারতের সমস্যা হবে কি না সেই প্রসঙ্গেও মন্তব্য করেছেন তিনি। তার মতে, "এখন হয়তো সামাল দেওয়া কঠিন হবে। কিন্তু এভাবেই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানো যায়। ভারত জলের কিছু অংশ পরিচালনা করার ব্যবস্থা করেছে, তবে আগামী বছরগুলোতে এই ব্যবস্থা আরও বিস্তৃত হবে।"

সিনিয়র অ্যাডভোকেট রাজা মোহাম্মদ রাজ্জাক পাকিস্তান-শাসিত কাশ্মীর সরকারের সচিব ছিলেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, "সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত কোনো একতরফা সিদ্ধান্ত নিতে পারে না।"

তার মতে, এই বিষয়ে ভারতের ব্রহ্মপুত্রের বিষয়টা মাথায় রাখা উচিত।

তিনি বলেন, "চীন থেকে উৎপত্তি হয়ে ব্রহ্মপুত্র দুই দেশের মধ্যে দিয়ে বয়ে গিয়ে বাংলাদেশে প্রবেশ করে। উত্তর-পূর্ব ভারত ব্রহ্মপুত্র নদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ভারতের মতো সিদ্ধান্ত নিতে পারে চীনও।"

অধ্যাপক লামা অবশ্য বলছেন, "চীন যদি এমনটা করে, তাহলে বাংলাদেশের ওপর এর খুব খারাপ প্রভাব পড়বে। পাকিস্তানকে খুশি করতে দুই দেশকে চীন হয়রান করবে বলে আমি মনে করি না। সিন্ধু তিব্বত থেকে উৎপন্ন হয়েছে এবং আমি মনে করি না চীন তিব্বতের জলের বিষয়ে সামাল দিতে পারবে। চীন ওই জল যদি বন্ধ করে দেয় তাহলে সেটা পাকিস্তানে পৌঁছাবে না।"

এক নজরে 

সিন্ধু চুক্তি স্থগিত হলে কার কী প্রভাব?

পাকিস্তানের ক্ষতি:
-সিন্ধু নদীর পানির ৮০% ভারত নিয়ন্ত্রিত অংশে উৎপন্ন।
-স্থগিত হলে পাকিস্তান সরাসরি কৃষি, পানীয় জল ও বিদ্যুৎ উৎপাদনে মারাত্মক ক্ষতির মুখে পড়বে।
-আন্তর্জাতিক আদালতে যাওয়ার চেষ্টা করলেও ভারতের হাতে 'উপকূলবর্তী রাষ্ট্র' হিসেবে শক্তিশালী আইনি ভিত্তি থাকবে।

ভারতের ক্ষতি:
-আন্তর্জাতিক পরিমণ্ডলে 'চুক্তি লঙ্ঘনকারী' হিসেবে ভাবমূর্তি নষ্ট হতে পারে।
-চীন ও অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে চলমান পানি বিষয়ক আলোচনায় চাপের মুখে পড়বে।

সিমলা চুক্তি স্থগিত হলে কার কী প্রভাব?

ভারতের ক্ষতি:
-সীমিত। কারণ সিমলা চুক্তি মূলত দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে কাশ্মীর ইস্যু আন্তর্জাতিকীকরণ থেকে বিরত থাকার শর্ত দেয়।

-পাকিস্তান যদি সেটা বাতিল করে, তাহলে কাশ্মীর ইস্যু আন্তর্জাতিক ফোরামে তুলতে পারে, কিন্তু ভারত তাতে বাধা দিতে পারবে না।

পাকিস্তানের ক্ষতি:
-সিমলা চুক্তি বাতিল মানে দ্বিপাক্ষিক আলোচনার পথ নিজেই বন্ধ করে দেওয়া।


স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close