প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১২:৪০ পিএম

গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে আকিজ ইস্পাত কারখানার উৎপাদন বিভাগের ফোরম্যান মোহাম্মদ আলী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) রাতের শিফটে কাজ করার সময় রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রাত তিনটার দিকে মেশিনে থাকা রড চেক করার সময় রড উৎপাদনের জন্য গরম করা বিলেট তার মাথায় লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শনিবার (২৬ এপ্রিল) সকালে গজারিয়া থাবার পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত শ্রমিক মোহাম্মদ আলীর (৪৫) বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় বলে জানা গেছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক কাউছার আহমেদের মোবাইলফোন কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এদিকে সকাল নয়টার দিকে গজারিয়া থানায় উপস্থিত হয়ে কোম্পানিটির প্রতিনিধি খোরশেদ আলম বলেন, 'নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে তারা এসেছেন। তাদের সাথে আমরা কথা বলছি। ময়নাতদন্তের পর লাশ তাদের বুঝিয়ে দেওয়া হবে'।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, 'খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। বিষয়টি আমরা খতিয়ে দেখব'।
স্বদেশ প্রতিদিন/এনআর