প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৭:৪৮ পিএম

নাটোরের লালপুরে জমিতে কীটনাশক স্প্রে করার সময় বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে রাজন আলী (২৫) নামে এক যুবক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৬ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত রাজন আলী নাটোরের লালপুর উপজেলার হাবিবপুর গ্রামের বাসিন্দা। তিনি জামিরুল ইসলামের ছেলে। পেশায় তিনি ছিলেন একজন কৃষক।
জানা গেছে, গত ১২ এপ্রিল রাজন আলী নিজ জমিতে কীটনাশক স্প্রে করতে যায়। সে সময় মুখে কোনো মাস্ক বা কাপড় বাঁধেননি। খোলা মুখে কীটনাশক ছিটানোর সময়ই বিষক্রিয়ায় তিনি জমিতে পড়ে যান।
পরিবার ও স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
১১ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ সকাল ৬ টার দিকে রাজনের মৃত্যু হয়। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।