প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৩:৫২ পিএম

‘রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়’ বলে মন্তব্য করেছেন সাবেক নৌমন্ত্রী শাজাহান খান। রাজধানীর একটি হত্যা মামলায় আজ তাকে গ্রেপ্তার দেখানোর শুনানির জন্য আদালতের হাজতখানা থেকে এজলাসে নেওয়ার পথে তিনি এ মন্তব্য করেন।
সোমবার (২১ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির হয়ে তিনি এই মন্তব্য করেন।
আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, ‘তোমরা কিছু বলো না, শুধু আমাকে দিয়ে বলাতে চাও।’
এরপর আবারও উচ্চস্বরে বলেন, ‘রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়।’
শাহবাগ থানার একটি হত্যা মামলায় আজ ছিল শাজাহান খানকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি। মামলার তদন্ত কর্মকর্তা গত ১৩ এপ্রিল গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তার গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এ সময় শাজাহান খান জানান, তিনি নির্বাচনে অংশ নেবেন। সাংবাদিকদের প্রশ্নে উত্তরে বলেন, ‘অবশ্যই নির্বাচন করব।’
২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শাহবাগ থানাধীন চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। সেদিন গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে তার স্ত্রী গত ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা করেন।
পুলিশ জানায়, শাজাহান খানকে ধানমন্ডির বাসা থেকে গত বছরের ৫ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।
গতকাল তিনি ট্রাইব্যুনালে দুই পুলিশ সদস্যকে হুমকি দেন বলেও অভিযোগ ওঠে।
এ বিষয়ে জানতে চাইলে শাজাহান খান বলেন, ‘আমি শুধু সত্য বলেছি। যা ঘটেছে, তাই বলেছি।’ তিনি দাবি করেন, ওই পুলিশ সদস্যদের সঙ্গে অবিচার করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমএ