প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৭:৫৮ পিএম

কুমিল্লার দেবীদ্বারে রুবেল হত্যা মামলায় বাংলাদেশ ছাত্রলীগের এক ইউনিয়ন পর্যায়ের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তি হলেন সুজন হাওলাদার (২৮)। তিনি দেবীদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে, গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানা পুলিশের একটি দল বড়শালঘর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
সুজন হাওলাদার উপজেলার বড়শালঘর গ্রামের হাওলাদার বাড়ির অভিত মিয়া হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, ২০২৩ সালের ৪ আগস্ট দেবীদ্বারে একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সেচ্ছাসেবক দলের নেতা ও পেশায় বাসচালক আব্দুর রাজ্জাক রুবেল। এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় সুজন হাওলাদার সরাসরি এজাহারভুক্ত আসামি না হলেও, তদন্ত ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টার দিকে আমরা তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করি। রুবেল হত্যা মামলার তদন্তে ভিডিও ফুটেজে তাকে চিহ্নিত করা হয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম