প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫:৪৮ পিএম আপডেট: ১৮.০৪.২০২৫ ৬:২০ PM

উড্ডয়নের মুহূর্তেই দেখা দেয় বিপত্তি। রানওয়েতে একটি পশুর সাথে ধাক্কা খেয়েই জ্বলতে থাকে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজের ইঞ্জিন। মুহূর্তেই পরিস্থিতি হয়ে উঠে রুদ্ধশ্বাস। তবে পাইলটের বিচক্ষণতায় বড় বিপদ থেকে রক্ষা পান শতাধিক যাত্রী।
সিএনএনের তথ্যানুসারে, যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কানাডার এডমন্টনের উদ্দেশ্যে উড্ডয়ন করছিল ইউনাইটেড এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি। ফ্লাইট নম্বর ছিল ২৩২৫। এতে ১৫৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন।
উড্ডয়নের ঠিক পরপরই উড়োজাহাজটির সাথে একটি পশুর সংঘর্ষ হয়। তখনই উড়োজাহাজের ডানদিকের ইঞ্জিন থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হতে দেখা যায়। এয়ার ট্রাফিক কন্ট্রোল পাইলটকে আগুন সম্পর্কে সতর্ক করে। সম্ভবত ডানদিকের ইঞ্জিনটি হারিয়েছেন বলে জানান পাইলট।
পাইলট দ্রুত জরুরি অবতরণ ঘোষণা করে বিমানবন্দরে ফিরে আসার সিদ্ধান্ত নেন। পরে কন্ট্রোল টাওয়ারের পরামর্শে ডান পাশের ফ্ল্যাপ, চাকা এবং আশপাশের অংশ পরীক্ষা করা হয়।
পাইলট বলেন, ‘আমাদের জন্য জরুরি সহায়তা প্রস্তুত আছে কিনা নিশ্চিত হতে চাই।’ উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করার পর যাত্রীদের অন্য একটি ফ্লাইটে এডমন্টনে পাঠানো হয়। সৌভাগ্যবশত আহত হননি কেউ।
এফএএ জানিয়েছে, গত বছর ডেনভার বিমানবন্দরে ৮০০-র বেশি বন্যপ্রাণী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসবের বেশিরভাগই ছিল পাখি। তবে প্রেইরি ডগ, খরগোশ, বাদুড় ও কায়োটির মতো প্রাণীর সাথেও সংঘর্ষ হয়েছে।
উল্লেখ্য, এই ঘটনার সময় রানওয়েতে খরগোশের উপস্থিতির কথা আগেই কন্ট্রোল টাওয়ার সতর্ক করেছিল। ধারণা করা হচ্ছে, উড়োজাহাজটি সেই খরগোশেরই একটির সঙ্গে ধাক্কা খায়।
স্বদেশ প্রতিদিন/আইজেপি