প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৮:১৩ পিএম আপডেট: ১৭.০৪.২০২৫ ৮:৩৯ PM

সেনবাগের দেবীসিংপুর গ্রামের এক ব্যবসায়ীর বাড়িতে কুমিল্লা পিবিআইয়ে কর্মরত উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম পলাশের মদদে হামলা ও হয়রানির অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ভুক্তভোগীর পরিবার জেলা শহর মাইজদীর ইউরো শপিংকমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে। যেখানে ভুক্তভোগী ব্যবসায়ী ও বিএনপি নেতা শেখ আহমদ এমন অভিযোগ করেন।
শেখ আহমদ বলেন, সোমবার (১৪ এপ্রিল) আমার বাড়ি থেকে আম চুরি করে সালাউদ্দিন ও এসআই পলাশের ভাতিজারাসহ অনেকে। আমার বড় ছেলে এর প্রতিবাদ করায় সেদিন রাতে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী ও হেলমেট বাহিনীর প্রধান সোহেল, সালাউদ্দিন ও সুমনের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রাতের আাঁধারে আমার বাড়িতে হামলা চালায়।
তিনি অভিযোগ করে আরো বলেন, এসব অপকর্মের মদদ জোগাচ্ছে কুমিল্লায় জেলায় কর্মরত পিবিআইয়ের উপ-পরিদর্শক(এসআই) ইব্রাহিম পলাশ। তিনি ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের দোসর সালাউদ্দিনের বড় ভাই। সোহেল চাঁদাবাজি মামলার আসামি ও সুমন হত্যা মামলার আসামি। আওয়ামী শাসন আমলে বিভিন্ন অপকর্ম করে পুলিশের নাম ভাঙ্গিয়ে পলাশ কোটি কোটি টাকার মালিক বনে যান। গত ৫ আগস্টের পর তারা রাজনীতির খোলস পাল্টে একাধিক বিএনপির পরিবারের বিরুদ্ধে নানাভাবে অত্যাচার নির্যাতন চালাচ্ছে। আমাদের বাড়িতে হামলার পর এসআই পলাশের ইন্ধনে তারা উল্টো আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে। এছাড়াও বহিরাগত সন্ত্রাসী এনে আমার দুই ছেলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করা হয়েছে।
প্রধান উপদেষ্টা ও স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি চেয়ে তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীরা যেকোনো সময় আমার পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের উপর পুনরায় হামলা চালাতে পারে। তাই এর সাথে জড়িতদের আইনের আওতায় আনা হোক।
অভিযোগের বিষয়ে কুমিল্লা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম পলাশের কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ নাকচ করেন। তিনি বলেন, আপনারা স্থানীয়ভাবে পুরো বিষয়টি খতিয়ে দেখুন। এরপর যেটা সত্য হয় সেটাই লিখুন।
এ বিষয়ে সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) কৃঞ্চ মোহন বলেন, আম পাড়া নিয়ে দুইপক্ষের মধ্যে ঘটনার সূত্রপাত হয়। লিখিত অভিযোগ পেয়ে দুই পক্ষকে নিয়ে থানায় বৈঠকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। পরে বৈঠকটি অমীমাংসিতভাবে শেষ হয়। এখন এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/আইজেপি