প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫ পিএম আপডেট: ২৯.০৯.২০২৬ ১২:২৪ PM

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান শাহীন ওরফে ভিপি শাহীনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে সোমবার রাতে কয়েকজন সহযোগীসহ আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, সাজেদুর রহমান শাহীন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে সেখান থেকে তাকে আটক করা হয়।
ভিপি শাহীন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্বে থাকার পাশাপাশি খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি হত্যা মামলাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় আত্মগোপনে থাকা সাজেদুর রহমান শাহীনকে আটক করা হয়েছে। তাকে বগুড়ায় নিয়ে আসা হচ্ছে।’
তিনি আরও জানান, মঙ্গলবার তাকে বগুড়ার আদালতে উপস্থাপন করা হবে। আদালতে নেওয়ার আগে তার বিরুদ্ধে থাকা মামলাসহ আটকের বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।
ভিপি শাহীন আটকের খবর ছড়িয়ে পড়ার পর বগুড়ার রাজনৈতিক ও স্থানীয় অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর পরবর্তী আইনি কার্যক্রম আদালতে উপস্থাপনের পর আরও বিস্তারিত তথ্য জানা যাবে।
স্বদেশ প্রতিদিন/এস পি