প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৮:০২ পিএম

বাংলা নববর্ষের অন্যতম ঐতিহ্যবাহী আয়োজন ‘মঙ্গল শোভাযাত্রা’কে ইউনেস্কো ২০১৬ সালে অপরিমেয় বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। তবে এবার এই আয়োজনটি ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নামে সম্পন্ন হওয়ায় ইউনেস্কোর স্বীকৃতি ধরে রাখতে নতুন করে আবেদন ও অনুমোদনের প্রয়োজন হবে বলে জানিয়েছে সংস্থাটি।
গত ১১ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজনটির নাম পরিবর্তনের ঘোষণা দেয়। এরপর বিবিসি বাংলা ইউনেস্কোর কাছে এ পরিবর্তনের প্রভাব জানতে চাইলে সংস্থাটি জানায়, এ ধরনের পরিবর্তনের জন্য তাদের ‘ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ কমিটি’র অনুমোদন প্রয়োজন। ২৪টি দেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত এই কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
ইউনেস্কো জানায়, অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের ‘জীবন্ত প্রকৃতি ও গতিশীলতা’ বিবেচনায় রেখে এ ধরনের নাম পরিবর্তনের জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারিত রয়েছে।
ইউনেস্কোর মুখপাত্র আরও জানান, এখনো পর্যন্ত নাম পরিবর্তনের জন্য কোনো আনুষ্ঠানিক আবেদন করা হয়নি।
স্বদেশ প্রতিদিন/এএএম