প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:০২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ অর্থ, আসবাবপত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার চরচারতলা মধ্যপাড়া এলাকার মোতালেব হাজির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনের খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আগুনে দুটি বসতঘর ও ঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য জুমেল মিয়া ও তার ভাই মোজাম্মেল জানান, অগ্নিকাণ্ডে বসতঘরে থাকা নগদ অর্থ, মূল্যবান আসবাবপত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। এতে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।
তারা আরও জানান, এলাকায় মাদকাসক্ত কিছু বখাটে যুবকের কারণে এ ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে তারা নিশ্চিত নন।
এ বিষয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াসিস আজাদ জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ হলে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
স্বদেশ প্রতিদিন/এস পি