প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৮:০১ পিএম আপডেট: ১৪.০৪.২০২৫ ৮:১৩ PM

চাঁদের উৎপত্তি নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ বহু পুরনো। সম্প্রতি চীনের চ্যাং’ই-৬ মহাকাশযানের পাঠানো নমুনা বিশ্লেষণ করে গবেষকরা জানিয়েছেন, চাঁদ আসলে একটি প্রাচীন ধ্বংসাবশেষের ফল। চাঁদের দূরবর্তী দক্ষিণ মেরু অঞ্চলের এইটকেন ইমপ্যাক্ট বেসিন থেকে সংগৃহীত মাটির নমুনা বিশ্লেষণ করে এমন তথ্য উঠে এসেছে।
গবেষকরা মনে করছেন, প্রায় ৪৫০ কোটি বছর আগে এক বিশাল প্রোটোপ্ল্যানেটের সঙ্গে পৃথিবীর সংঘর্ষেই চাঁদের জন্ম। সংঘর্ষের পর সেই ধ্বংসাবশেষ থেকে চাঁদের সৃষ্টি হয়। এ বিষয়ে চীনের বিজ্ঞান একাডেমির ভূতত্ত্ব ও ভূপদার্থবিদ্যা ইনস্টিটিউটের বিজ্ঞানী হু সেন বলেন, ‘আমরা বিশ্বাস করি, নতুন ফলাফল চাঁদের ওপরে বিশাল একটি সংঘর্ষের তত্ত্বকে সমর্থন করে।’
চ্যাং’ই-৬ মিশনের আগেও অ্যাপোলো, লুনা ও চ্যাং’ই-৫ মিশনের মাধ্যমে চাঁদের প্রোসেলারাম ক্রিপ অঞ্চল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। তবে সেসব নমুনায় থোরিয়ামের উপস্থিতি থাকলেও, নতুন গবেষণায় দেখা গেছে চাঁদের দূরবর্তী অংশে সিলিকেটে সমৃদ্ধ ম্যান্টেল রয়েছে। এসব পাথরের বয়স ইঙ্গিত দেয়, সৌরজগতের গঠনের প্রায় ৬ কোটি বছর পর চাঁদ সৃষ্টি হয়েছিল এবং প্রথমদিকে তা ছিল ঘন ম্যাগমার আবরণে আবৃত।
এছাড়া, চাঁদের দূরবর্তী অঞ্চলে পানির সম্ভাব্য উপস্থিতির বিষয়টিও উঠে এসেছে নতুন গবেষণায়, যা ভবিষ্যতের মহাকাশ মিশনের জন্য তাৎপর্যপূর্ণ হতে পারে। নাসার আর্টেমিস এবং চীনের পরবর্তী চ্যাং’ই মিশনের মাধ্যমে এই বিষয়ে আরও গবেষণা হবে বলে আশা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমএম