প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১:৪৯ পিএম আপডেট: ১২.০৪.২০২৫ ৪:২৫ PM

ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে আসা জনস্রোতে রাজধানীর সব পথ যেন মিশে গেছে সোহরাওয়ার্দী উদ্যানে এসে।
পল্টন মোড়, গুলিস্তান জিরো পয়েন্ট, শিক্ষা ভবন হয়ে দোয়েল চত্বর দিয়ে এবং চানখারপুল থেকে সরাসরি দোয়েল চত্বর দিয়ে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এসেছেন অংশগ্রহণকারীরা। কর্মসূচিতে অংশ নিতে বাসে, পিকআপ, রিকশা, পায়ে হেঁটে এবং একজনকে ঘোড়ায় চড়েও আসতে দেখা গেছে।
বিভিন্ন স্থান থেকে মিছিল এসে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে যোগ দেয়। বাংলামোটর, কাকরাইল, বকশীবাজার ও নীলক্ষেত থেকে আসা মিছিলগুলো শাহবাগ, মৎস্য ভবন, শহীদ মিনার ও ভিসি চত্বর হয়ে টিএসসি গেট দিয়ে সমাবেশস্থলে প্রবেশ করে। সমাবেশের আয়োজকরা জানান, মঞ্চ থেকে বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় ফিলিস্তিনের পক্ষে একটি ঘোষণাপত্র পাঠ করা হবে এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হবে।
এ কর্মসূচিতে যোগ দিয়েছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টিসহ বিভিন্ন দল, সংগঠন এবং ইসলামি বক্তারাও।
আজকের কর্মসূচির লক্ষ্য গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ, বিশ্বজনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়া।
স্বদেশ প্রতিদিন/এনআর