
সকালে অফিসে আসতে আসতে এক ভদ্রলোকের লেখা পড়ে মেজাজটা খারাপ হয়ে গেল। সে যা লিখেছে, তার সারমর্ম হলো: বর্তমানে বাংলাদেশে বিদেশী বিনিয়োগ হলো কুঁড়েঘরওয়ালার হাতি পোষার মতো। এতে লাভ তো হবেই না, উল্টো হাতি কুঁড়েঘর উল্টে দিতে পারে। বিনিয়োগ আহ্বানের যে কার্যক্রম দেশে শুরু হয়েছে, তা তার পছন্দ হচ্ছে না। এতে নাকি দেশের টাকা সব বিদেশে চলে যাবে! দেশ বিপদে পড়বে। এই লেখা আবার কেউ কেউ শেয়ারও করছেন!
লেখাটা পড়ে অবাক হয়েছি। এমন অদ্ভুত খোঁড়া যুক্তি কেবল অর্থনীতি নিয়ে ন্যূনতম ধারণা না থাকা মানুষের পক্ষেই দেওয়া সম্ভব। বিদেশী বিনিয়োগ কীভাবে কাজ করে, একটা উন্নয়নশীল দেশের জন্য কেন বিনিয়োগ জরুরি, এসব না বুঝলেই কেবল অমন লেখা প্রসব ও শেয়ার করা সম্ভব।
আসেন বিদেশী বিনিয়োগ ও বাংলাদেশ প্রেক্ষপটে একটু বিস্তারিত বলার চেষ্টা করি।
বাংলাদেশ ২০২৬ সালের মধ্যে স্বল্পোন্নত দেশের (LDC) তালিকা থেকে উত্তরণ ঘটিয়ে একটি উন্নয়নশীল দেশের মর্যাদা পেতে যাচ্ছে। এটি নিঃসন্দেহে একটি বড় অর্জন। কিন্তু এই রূপান্তরের পথে রয়েছে একাধিক চ্যালেঞ্জ—রপ্তানি আয় সীমিত, ক্রমবর্ধমান বেকারত্ব, বৈদেশিক মুদ্রার সংকট, এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা। এই পরিস্থিতিতে বিদেশী সরাসরি বিনিয়োগ (Foreign Direct Investment - FDI) কেবল একটি সম্ভাব্য সমাধান নয়—এটি একটি অবশ্যম্ভাবী প্রয়োজন। ইউসুফ সরকার সেই প্রয়োজনটা বুঝতে পেরেই বিরাট আয়োজন করে বিদেশী বিনিয়োগ আনার চেষ্টা শুরু করেছে। দেশের মানুষের মধ্যেও বিদেশী বিনিয়োগ নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে। শুরুতেই এটাকে একটা ইতিবাচক পরিবর্তন বলতে হবে। কারণ, ইতিপূর্বে এই বিদেশী বিনিয়োগ খায় নাকি মাথায় দেয়, তা নিয়ে দেশের সাধারণ মানুষের মধ্যে কোনো ধারণা বা আগ্রহ ছিল না। বিনিয়োগ আহ্বানে সামিট আগেও হয়েছে, সেখানে আপার নামে গানটান গেয়েছে পলক টলকেরা। ওই পর্যন্তই।
শুরুতে আমাদের বোঝা দরকার বাংলাদেশের প্রেক্ষাপটে কেন FDI জরুরি? এ সম্পর্কে কয়েকটা পয়েন্ট উল্লেখ করা যেতে পারে:
১️. বাংলাদেশের বিনিয়োগ-জিডিপি অনুপাত ২০২৩ সালে ছিল প্রায় ৩০%, অথচ উচ্চ প্রবৃদ্ধি ধরে রাখতে এই হার ৩৫%+ হওয়া উচিত । অভ্যন্তরীণ সঞ্চয়ের সীমাবদ্ধতার কারণে এই ঘাটতি পূরণে বিদেশী মূলধন ছাড়া উপায় নাই।
FDI ঋণ নয়, বরং একপ্রকার মালিকানাভিত্তিক বিনিয়োগ—ফলে সরকারকে সুদ বা ঋণ পরিশোধ করতে হয় না। অথচ এর মাধ্যমে দেশে বড় অংকের টাকা আসে, মূলধন সৃষ্টি হয়।
২০২৩ সালে বাংলাদেশে FDI প্রবাহ ছিল মাত্র ৩.৪৮ বিলিয়ন ডলার, যা ভিয়েতনাম, ভারত বা ইন্দোনেশিয়ার তুলনায় অনেক কম (সূত্র: UNCTAD World Investment Report 2023)।
২️. বর্তমানে দেশের রপ্তানির ৮৪% এর বেশি আসে তৈরি পোশাক (RMG) খাত থেকে (EPB, ২০২৩)। এক খাতে এতটা নির্ভরতা অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলে দেয়। অবস্থার প্রয়োজনেই আমাদেরকে বিকল্প রফতানির সুযোগ খুঁজতে হবে। এক্ষেত্রে FDI বিভিন্ন খাতে বৈচিত্র্য এনে প্রযুক্তি, কৃষি প্রক্রিয়াজাতকরণ, ইলেকট্রনিক্স, বায়োটেক ও ICT খাতকে রপ্তানিযোগ্য পণ্যে রূপান্তর করতে পারে।
উদাহরণ: ভারত ও ভিয়েতনাম FDI গ্রহণ করে মোবাইল ফোন, চিপসেট ও সফটওয়্যার রপ্তানিতে নেতৃত্ব দিচ্ছে।
৩. বাংলাদেশে প্রতিবছর ২০-২২ লাখ নতুন তরুণ শ্রমবাজারে প্রবেশ করে (BBS)। কিন্তু চাকরি তৈরির হার সেই তুলনায় অনেক কম। বিদেশী বিনিয়োগ মানেই নতুন কারখানা, অফিস, ও সাপ্লাই চেইন—ফলে সরাসরি ও পরোক্ষভাবে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়। EPZ-এ বিদেশী কোম্পানির মাধ্যমে প্রায় ৫ লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে (BEPZA, ২০২৩)। এখন যদি এই বিনিয়োগ বৃদ্ধি পায়, এই কর্মসংস্থানের সুযোগ আরো বৃদ্ধি পাবে। মানুষ কাজ পাবে।
৪️. FDI কেবল অর্থ নয়, আধুনিক প্রযুক্তি, গ্লোবাল ম্যানেজমেন্ট পদ্ধতি, ও স্ট্যান্ডার্ডও নিয়ে আসে। দেশীয় কর্মীরা বিদেশী প্রতিষ্ঠানে কাজ করে শিখে নেয় অটোমেশন, AI, ERP, ISO standard প্রভৃতি বিষয়ে দক্ষতা। এই ‘টেকনোলজি ট্রান্সফার’-এর মাধ্যমে দেশীয় উদ্যোক্তারাও উন্নতমানের ব্যবসা গড়তে সক্ষম হয়। এখন কেউ যদি মনে করে, এত দরকার কী এসব শিখে। সেটা তার সমস্যা। ভবিষ্যতের পৃথিবীতে করেটরে খেতে হলে প্রযুক্তি, এ আই, ইত্যাদি শুধু ছবি এডিট করে অন্যকে বিপদে ফেলার কাজে নয়, বরং অরিজিন্যালি কাজে লাগানো শিখতেই হবে।
৫️. বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে ২০২২-২৩ অর্থবছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ৪৮ বিলিয়ন ডলার। আপার পতনে পর তার শোকে তা কমতে কমতে নেমে আসে ১৮ বিলিয়নে। ব্যাপক চাপ তৈরি হয় অর্থনীতির ওপর। এই জায়গাতেও পজিটিভ ভূমিকা রাখতে পারে বিদেশী বিনিয়োগ। প্রতিটি রপ্তানিমুখী বিদেশী বিনিয়োগ দেশে ডলার আনে, যা রিজার্ভে সরাসরি যোগ হয়। উদাহরণস্বরূপ, চট্টগ্রাম EPZ-এ বিদেশী কোম্পানিগুলোর রপ্তানি থেকে বছরে শত কোটি ডলারের আয় হয়।
৬️. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) ও ভবিষ্যতের প্রস্তুতির জন্য আমাদের তৈরি হওয়ার সময় চলছে এখন। বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে SDG লক্ষ্যপূরণে অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্য পূরণে প্রয়োজন-টেকসই শিল্পায়ন, নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট শহর, পরিবেশবান্ধব প্রযুক্তি। এই সব খাতে সরকারি বা দেশীয় বিনিয়োগ যথেষ্ট নয়। এইসব খাতের উন্নয়নের জন্য অবশ্যই FDI দরকার। বিদেশী বিনিয়োগ ছাড়া আমাদের টেকসই উন্নয়নের পথে হাঁটার আর কোনো রাস্তা নাই।
ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় টেকসই উন্নয়ন নিশ্চিত করতেই হবে।
বাংলাদেশের SDG লক্ষ্যমাত্রা পূরণ, জলবায়ু মোকাবেলা, শিল্পায়ন, ও ডিজিটাল রূপান্তরের জন্য শুধু অভ্যন্তরীণ উৎস যথেষ্ট নয়। বিদেশী বিনিয়োগ লাগবেই।
বিদেশী বিনিয়োগ ব্যবহার করে দেশের অর্থনীতির ভাগ্য বদল ঘটিয়েছে এমন কিছু দেশের উদহারণ দেখলে বিষয়টা পরিষ্কার হবে আশা করি।
শুরুতেই বলা যায় ভিয়েতনামের কথা। তৈরি পোশাক থেকে প্রযুক্তিতে দারুণ ট্রান্সফার ঘটিয়েছে দেশটি। একসময় ভিয়েতনাম বাংলাদেশের মতোই পোশাকনির্ভর ছিল। এখন স্যামসাং, ইন্টেল, এলজি-এর মতো কোম্পানি ভিয়েতনামে উৎপাদন করে। FDI-এর মাধ্যমে দেশটি প্রযুক্তিনির্ভর রপ্তানি ও উচ্চ-দক্ষতার কর্মসংস্থান গড়েছে। ফলাফল- ২০২3 সালে ভিয়েতনামের রপ্তানি আয় ৩৫০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
দ্বিতীয় উদাহরণ হলো আমাদের বহুল চর্চিত দেশ মালয়েশিয়া। কিছু হলেই আমরা মালয়েশিয়ার কথা বলি। আফসোস করি ‘আ রে, কিছুদিন আগেও ওরা আমাদের মতোই মারা খাওয়া দেশ ছিল। তারপর কী থেকে কী হয়ে গেল। এক মাহাথির মোহাম্মদ দেশটা বদলে ফেলল।’ তো কীভাবে খেলাটা খেললেন মাহাথির? অনেক কিছুই করেছেন তিনি। এর মধ্যে অন্যতম একটি হলো শিল্প ও পর্যটন খাতে বিদেশী বিনিয়োগ টেনে নেওয়া। ১৯৮০-এর দশকে মালয়েশিয়া বিদেশী বিনিয়োগ এনে পরিকল্পিত শিল্পাঞ্চল গড়ে তুলে। যার ফলে প্রযুক্তি ও পরিষেবা খাতে ব্যাপক উন্নতি হয়েছে তাদের। ফলাফল, দেশটির মাথাপিছু আয় ১০ গুণ বেড়েছে মাত্র তিন দশকে।
চীনের কথাও বলা যায় এখানে। বর্তমানে চীন বিশ্ব কারখানায় রূপান্তরিত হয়েছে। এটা কি এমনি এমনি হয়েছে? চীন ১৯৮০ থেকে দেশে বিদেশী বিনিয়োগ উন্মুক্ত করে। চীন "বিশ্বের কারখানা" হয়ে উঠেছে মূলত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কোম্পানিগুলোর বিনিয়োগের মাধ্যমে। ফলাফল, ১৯৯০ থেকে ২০২০-এর মধ্যে কোটি কোটি মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে।
সর্বশেষ আরেকটা দেশের উদাহরণ দিয়ে লেখা শেষ করব। দেশটার নাম হলো রুয়ান্ডা। আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত ছোট একটা দেশ। এটা এখন পরিচিত আফ্রিকার সিঙ্গাপুর নামে। কৃষি, ফিনটেক ও হেলথটেকে বিদেশী বিনিয়োগ এনে দ্রুত উন্নতি করেছে রুয়ান্ডা। প্রযুক্তি ও কৃষি-ভিত্তিক FDI-এর মাধ্যমে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে "আফ্রিকার সিঙ্গাপুরে” পরিণত হয়েছে দেশটি।
বাংলাদেশের সামনে এখন বড় সম্ভাবনা ও চ্যালেঞ্জ পাশাপাশি দাঁড়িয়ে। এই সম্ভাবনা কাজে লাগাতে এবং চ্যালেঞ্জ উতরে যেতে বিদেশী বিনিয়োগ হতে পারে অন্যতম সেতু। এটা ঠিক যে, এই পথ কখনোই সহজ না। হুট করে ভাগ্য বদলে যাবে না। কিন্তু যদি আমরা কৌশলী ও সৎভাবে পরিকল্পনা করি, তবে আগামী দশকে বাংলাদেশও হতে পারে উন্নয়নের "নেক্সট সাকসেস স্টোরি"—ভিয়েতনাম, মালয়েশিয়া কিংবা রুয়ান্ডার মতো।”
বিদেশী বিনিয়োগ আহ্বানে যে উদ্যোগ নিয়েছে ইন্টেরিম সরকার, বিশেষ করে বিডার স্মার্ট নির্বাহী আশিক চৌধুরী যেভাবে আশা জাগাচ্ছেন, তার সাফল্য কামনা করি।
(লেখকের ফেসবুক থেকে সংগৃহীত)