প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ১১:৫০ পিএম আপডেট: ১০.০৪.২০২৫ ১১:৫১ PM

বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশিদের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় মো: শাকিল (৪২) নামের একজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বধবার গভীর রাতে আব্দুর রশিদ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় এজাহার জমা দেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে মামলাটি রুজু হয়েছে ।
চাল ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে, মোটরসাইকেল নম্বর ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মোটরসাইকেল চালক আবদুস সাকিরকে সকালে তাঁর শ্বশুরবাড়ি রাজবাড়ীর খানখানাপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন।
এ বিষয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় জড়িত মোটরসাইকেলচালক কাজী আবদুস সাকিরকে (৪২) গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। সাকির কুষ্টিয়া শহরের চর আমলাপাড়া এলাকার কাজী আব্দুর সামাদের ছেলে। সকালে রাজবাড়ী জেলার সদর উপজেলার খানখানাপুর এলাকায় অবস্থিত শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওসি আরও জানান, থানায় সাকিরকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে গুলি ছোড়ার ঘটনায় জড়িত থাকার বিষয়ে তথ্য মিলেছে। আরও তথ্যের জন্য বিকেলে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কুষ্টিয়া আদালতে নেওয়া হয়েছে। তাঁকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। জড়িত বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর