প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৯:০৫ পিএম আপডেট: ০৬.০৪.২০২৫ ১১:১৬ PM

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশজুড়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। রবিবার (৬ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।
শিক্ষার্থীরা জানায়, সোমবার (৭ এপ্রিল) তারা কোনো ধরনের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে অংশ নেবে না। বেলা ৩টায় তারা রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হবেন। ইসরায়েলের এই গণহত্যা বন্ধের পাশাপাশি তাদের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে জোরালো অবস্থান নিতেই এই দাবি তাদের।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ফ্রান্সিস ফরিদ বলেন, 'ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব কখনো বিলীন হবে না। গাজায় যা হচ্ছে এটা সম্পূর্ণ যুদ্ধাপরাধ। গাজাকে নিজেদের দখলে নিতে ইসরায়েল এই নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে। কিন্তু এটা স্পষ্ট, ফিলিস্তিন রাষ্ট্রকে সব সময় ফিলিস্তিন, গাজাকে গাজা হিসেবেই মানুষ চিনবে।'
এছাড়াও ওআইসিভুক্ত ৫৭টি মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থী সাকিব হাসান তার বক্তব্যে জানান, যুদ্ধবিরতি বলতে কিছু নেই। ইসরায়েল গোলকধাঁধা তৈরি করে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। সব মুসলিম দেশকে একত্র হয়ে এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এই সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ওআইসিভুক্ত দেশগুলোকে রাজনৈতিক ও সামরিক পদক্ষেপ গ্রহণ ও বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের অধিকার আদায়ের লক্ষ্যে যুব আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। একই সাথে যুদ্ধাপরাধ প্রতিরোধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আইনি দায়বদ্ধতা নিশ্চিতের পাশাপাশি যুদ্ধ সমর্থনকারী দেশের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নে চাপ তৈরির আহ্বানও জানান তারা।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাবাব হোসেন মেহেরের সঞ্চালনায় স্কলার ইউনিভার্সিটি শিক্ষার্থী রাইয়ান রুদ্র, নাঈম ইসলাম, স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী ইফতেখার হোসেন নাহিদসহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/আইজেপি