প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ৬:০৯ পিএম আপডেট: ০৪.০৪.২০২৫ ৬:৪১ PM

টাঙ্গাইলের সখীপুরে ঘরের মধ্যে চেতনানাশক স্প্রে ব্যবহার করে এক কৃষকের বাড়ি লুট করার ঘটনা ঘটেছে। দিনদুপুরে এমন ঘটনায় এলাকাবসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার ( ৩ এপ্রিল ) বেলা ৩ টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের পাথরপুর গ্রামের পশ্চিম পাড়ায় জুলহাস উদ্দিনের (৪০) বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. আজহার মিয়া।
স্থানীয় ইউপি সদস্য মো. আজহার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ দুপুরের খাবার খেয়ে স্ত্রীকে বাড়িতে রেখে বাড়ির পাশে দোকানে চা খেতে যান তিনি। এই সুযোগে দুর্বৃত্তরা তার স্ত্রীকে একা পেয়ে চেতনানাশক স্প্রে করে এক ভরি কানের দুল, নগদ অর্থ ও খাদ্য সামগ্রীসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়।’
এ বিষয়ে প্রতিবেশীরা জানান, একজন মহিলা ও একজন পুরুষ ওই বাড়ির আশেপাশে অনেক সময় ধরে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাদের ধারণা করছেন, তারাই ওই বাড়িতে চেতনানাশক স্প্রে ব্যবহার করে মালামাল লুট করেছে।
পরে ঘরের ভিতর থেকে ভুক্তভোগী জুলহাস উদ্দিনের স্ত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম