প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৩:৫৬ পিএম

ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ব্যবস্থাপনায় আয়োজিত ঈদ আনন্দ মিছিলে মূর্তি সদৃশ প্রতীক প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২ এপ্রিল) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ বিষয়ে নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের শাসনামলে সাধারণ মানুষের মাঝে ঈদ নিয়ে আলাদা ধরনের উৎসাহ উদ্দীপনা ছিলো না। কিন্তু এবারের ঈদ সকলের মাঝেই যেন প্রকৃত ঈদ হয়ে ফিরে এসেছে। সরকারি উদ্যোগে সুলতানী আমলের মতো করে ঈদ উদযাপন আমাদের জীবনে আনন্দের তৈরি করেছে নতুন মাত্রা। কিন্তু এ আনন্দ মিছিলে মূর্তিসদৃশ প্রতীক বহন আমাদের গভীরভাবে মর্মাহত করেছে।’
বিবৃতিতে বলা হয়, ঈদ মুসলিম উম্মাহর জন্য একটি পবিত্র উৎসব এবং ইসলাম মূর্তি, প্রতিমা বা কোনো দৃশ্যমান অবয়বের মাধ্যমে ধর্মীয় আনন্দ প্রকাশের অনুমতি দেয় না। ইসলামের ইতিহাসে এমন কোনো দৃষ্টান্ত নেই, যেখানে রাসূল (সা.), সাহাবা বা পরবর্তী খলিফারা ঈদ উদযাপনে মূর্তি বা প্রতিমা বহন করেছেন।
সরকারি আয়োজনে এমন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি আরো বলেন, ‘ঈদ আমাদের ধর্মীয় আবেগ ও বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত একটি বিষয়। একে সাংস্কৃতিক পরীক্ষাগারে পরিণত করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামী ঐতিহ্যের বাইরে গিয়ে প্রতিমা সংস্কৃতি অন্তর্ভুক্তির প্রচেষ্টা ঈদকে ঘিরে সরকারি উদ্যোগে অনুষ্ঠিত এই আনন্দ মিছিলকে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করেছে।’
তিনি সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ঈদ মিছিলে মূর্তিসদৃশ প্রতীক বহনের ঘটনা ইসলামের মৌলিক শিক্ষা ও ঈদের পবিত্রতার পরিপন্থী। যারা এমন বিতর্কিত কর্মকাণ্ডের জন্ম দিয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর