প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১০:৫৮ পিএম

গণঅভ্যুত্থানের সময়ে আহত হয়ে আট মাসেরও অধিক সময় ধরে চিকিৎসাধীন ছাত্রদল নেতা ইমরানের চিকিৎসার খোঁজ খবর নিলেন তারেক রহমান।
গত বছরের ১৯ জুলাই রাজধানীর পল্টন এলাকায় জুলাই আন্দোলনের সময় ইমরান গুলিবিদ্ধ হন। এরপর থেকে দীর্ঘ ৮ মাসেরও বেশি সময় ধরে তিনি শ্যামলীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের মাধ্যমে তারেক রহমান ইমরানের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। তিনি ইমরানের শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবর নেন এবং ঘটনার বিস্তারিত শোনেন।
তারেক রহমান আহত ইমরানের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও ইমরানের দ্রুত সুস্থতা কামনা করেন। তারেক রহমান বলেন, ইমরানের সকল অপারেশন শেষ হতে দুইবছর লাগবে। যতদিনই লাগুক বিএনপি পরিবার তার পাশে থাকবে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন ছাত্রদলের দপ্তর সস্পাদক জাহাঙ্গীর আলম, সহ সাধারণ সম্পাদক রাহাত হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি পিয়াল হাসান, সদস্য সচিব মিল্লাদ হোসেনসহ অনেকে।
স্বদেশ প্রতিদিন/এনআর