বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বিএডিসির বীজে আস্থা হারাচ্ছেন কৃষক, ঝুঁকছেন বেসরকারি কোম্পানি বীজে      ● খাগড়াছড়িতে দুই পিকআপে অগ্নিসংযোগ      ● গজারিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, বসতঘর পুড়ে ছাই      ● সোনারগাঁয়ে সকালে যাত্রীবাহী বাস-ট্রাকে আগুন, আতঙ্কে যাত্রীরা      ● সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন সেন্টকম প্রধানের বৈঠক      ● দুই বছর পর গাজায় ইসরাইলের নতুন স্থল অভিযান      ● তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি      ● আঞ্চলিক এভিয়েশন হাব হতে আইসিএওর সহযোগিতা চাইল বাংলাদেশ      ● দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা      ● রাঙ্গাবালীতে বিএনপির দুই প্রয়াত নেতার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল      ● শিবালয়ে গ্রামীণ ব্যাংকে আগুন ধরানোর চেষ্টা      ● বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার      
বিএডিসির বীজে আস্থা হারাচ্ছেন কৃষক, ঝুঁকছেন বেসরকারি কোম্পানি বীজে
আলী রেজা সুমন, কিশোরগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:২৯ পিএম

বোরো ধান উৎপাদনে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা কিশোরগঞ্জ। চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৬৮ হাজার ৩৭৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এ জন্য বীজের চাহিদা ৪ হাজার ৩০০ মেট্রিক টন। এরই মধ্যে মাঠে মাঠে শুরু হয়েছে বীজতলা তৈরির প্রস্তুতি। তবে এ মৌসুমে সরকারি সংস্থা বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বীজের পরিবর্তে বেসরকারি কোম্পানির বীজের দিকে ঝুঁকছেন অনেক কৃষক। তাঁদের অভিযোগ, গত মৌসুমে বিএডিসির বীজে অন্য জাতের ধানের মিশ্রণ এবং পর্যাপ্ত চারা না গজানোর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁরা। ফলে সরকারি বীজের মান নিয়ে আস্থা হারাচ্ছেন কৃষকরা।

কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বোরো মৌসুমে বিএডিসির বীজ কিনে বিপাকে পড়েন তাঁরা। বীজ বপনের পর ধানের চারায় দেখা যায় ভিন্ন জাতের মিশ্রণ। আবার কোনো কোনো বীজতলায় আশানুরূপ চারা না গজানোয় নতুন করে বীজতলা তৈরি করতে হয়েছে। এতে অতিরিক্ত খরচের পাশাপাশি সময়ও নষ্ট হয়েছে। ফলে এবার আগের অভিজ্ঞতা থেকে বিএডিসির বীজ কেনার বিষয়ে আগ্রহ হারিয়েছেন অনেকে।

কৃষকদের ভাষ্য, বোরো মৌসুমে সময়মতো ভালো চারা পাওয়া না গেলে পুরো আবাদই পিছিয়ে পড়ে। বীজতলা নষ্ট হলে নতুন করে বীজ বপন করতে হয়। এতে জমি প্রস্তুত, চারা রোপণ ও ফসল ঘরে তোলার সময়সূচিতে প্রভাব পড়ে। তাই ঝুঁকি এড়াতে এবার বেশি দাম দিয়েও বেসরকারি কোম্পানির বীজ কিনছেন তাঁরা।

কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ এলাকার কৃষক মো: মানিক মিয়া বলেন, গত বছর বিএডিসির বীজ কিনে বীজতলায় অন্য জাতের ধানের চারা পাইছি। আবার কিছু জায়গায় ঠিকমতো চারাও গজায় নাই। এতে আমরার অনেক ক্ষতি হইছে। তাই এবার আর বিএডিসির বীজ নেই নাই। কোম্পানির বীজ কিনছি। দাম একটু বেশি হইলেও ভালো চারা পাওয়ার আশায় এই সিদ্ধান্ত নিছি।

করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া এলাকার কৃষক আবু বক্কর বলেন, কৃষকের জন্য বীজ অনেক গুরুত্বপূর্ণ। শুরুতেই বীজে সমস্যা হইলে পুরো মৌসুমেই ভোগান্তি পোহাইতে হয়। গত বছরের অভিজ্ঞতার কারণে এবার বিএডিসির বীজ নিতে আর সাহস পাইতাছি না। আমরার কাছে সবচেয়ে জরুরি হইলো ভালো মানের বীজ পাওয়া।

নিকলী উপজেলার দামপাড়া এলাকার কৃষক জুলহাস মিয়া বলেন, আমরা চাই সরকারি সংস্থার বীজ যেন ভালো মানের হয়। কারণ কম দামে ভালো বীজ পাওয়ার কথা। কিন্তু বীজে সমস্যা হইলে লোকসান তো আমরারই দিতে হয়। তাই বাধ্য হইয়া বেশি দাম দিয়া কোম্পানির বীজ কিনতে হইতাছে।


মিঠামইন উপজেলার ঘাগড়া এলাকার কৃষক নাসির উদ্দিন বলেন, গত বছর ৫ একর জমিতে বিএডিসির ৮৮ জাতের বীজ লাগাইছিলাম। কিন্তু ওই বীজের মধ্যে তিন ধরনের ধান মিশানো আছিল। ৮৯ আর ২৮ জাতের ধান আগে পেকে যাওয়ায় নষ্ট হইয়া গেছে। সব জমিতেই বীজের মধ্যে মিশ্রণ আছিল। এতে আমার প্রায় দেড়শ মণ ধান কম হইছে। অনেক লোকসান গুনতে হইছে। তাই এবার আর বিএডিসির বীজ নিমু না, কোম্পানির বীজ কিনমু। কারণ কথা আছে, ভালো বীজে ভালো ফসল।

কৃষকদের এমন অনাস্থার প্রভাব পড়েছে বীজের বাজারেও। স্থানীয় বীজ ডিলারদের দাবি, আগের তুলনায় বিএডিসির বীজের চাহিদা কমেছে। বিপরীতে বেসরকারি কোম্পানির বীজের বিক্রি বাড়ছে। মান ভালো পাওয়ার আশায় বাড়তি দাম দিতেও আপত্তি করছেন না কৃষকরা।

কিশোরগঞ্জের বিএডিসির বীজ ডিলার মো. হাদিস মিয়া বলেন, আগে কৃষকদের মধ্যে বিএডিসির বীজের চাহিদা বেশি ছিল। কিন্তু গত বছরের কিছু সমস্যার পর অনেক কৃষক এখন বেসরকারি কোম্পানির বীজ নিতে আগ্রহী হচ্ছেন। বিশেষ করে যাঁরা আগে বিএডিসির বীজ নিয়ে সমস্যায় পড়েছেন, তাঁরা এবার বিকল্প বেছে নিচ্ছেন।

মিলনগঞ্জ বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতা মো. ফাইজুল ইসলাম বলেন, বিএডিসির বীজে অন্য জাতের ধানের মিশ্রণ থাকে, আবার অনেক সময় চাহিদামতো বীজও পাওয়া যায় না। তাই ভালো ফলনের আশায় দাম বেশি হলেও কোম্পানির বীজ কিনছেন তাঁরা।

জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা নার্গিস আক্তার বলেন, আমাদের কাছ থেকে প্রত্যায়ন নেয়ার পর বীজ বাজারজাত করার জন্য বস্তাবন্দির সময় মিশ্রণ বা অন্যকিছু সমস্যা থাকে তাহলে এর দায়ভার বিএডিসি নিতে হবে।

এদিকে গত বছর বিএডিসির বীজে অন্য জাতের ধানের মিশ্রণের ঘটনায় ১২ জনের চাকরি চলে গেছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে বিএডিসির বীজ উৎপাদন বিভাগের দাবি, চালক ও হেলপারদের ভুলের কারণেই ওই ঘটনা ঘটেছিল। এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

কিশোরগঞ্জ বিএডিসির বীজ উৎপাদন বিভাগের উপপরিচালক হারুন অর রশিদ বলেন, বীজে অন্য জাতের ধানের মিশ্রণের ঘটনায় ১২ জনের চাকরি চলে গেছে। তবে ঘটনাটি চালক ও হেলপারদের ভুলের কারণে ঘটেছিল। ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

কৃষি বিভাগের কর্মকর্তারাও বলছেন, বীজের মান নিয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে দেখা হবে। বিএডিসির বীজ উৎপাদন ও সরবরাহের প্রতিটি পর্যায়ে আরও সতর্কতা প্রয়োজন। কৃষকের আস্থা ধরে রাখতে মান নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, বিএডিসির বীজের মান নিয়ে কোনো অভিযোগ পেলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। পাশাপাশি বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, যাতে কৃষকরা মানসম্মত বীজ পান।

কৃষকের কাছে বীজই ফসল উৎপাদনের প্রথম ভরসা। সেই বীজের মান নিয়ে প্রশ্ন উঠলে শুধু একটি বীজতলাই নয়, ঝুঁকিতে পড়ে পুরো মৌসুমের আবাদ। 








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   বিএডিসি   বোরো ধান   বীজের মান   কৃষক   কৃষি   বীজের মিশ্রণ   বেসরকারি বীজ কোম্পানি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close