প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১২:৪০ AM

চলতি রমজানে মসজিদুল হারামে প্রতিদিন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিরা জড়ো হচ্ছেন। সোমবার গালফ নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পবিত্র রমজানে মক্কার গ্র্যান্ড মসজিদে (পবিত্র কাবা শরিফ সংলগ্ন মসজিদ) মুসল্লির সংখ্যা রেকর্ড পরিমাণ বাড়ছে। রমজানের ২২তম দিন থেকে ২৩তম রাত পর্যন্ত ৩০ লাখেরও বেশি মুসল্লি একত্রিত হয়ে এই মসজিদে নামাজ আদায় করেন।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, ফজরের নামাজে ৫ লাখ ৯২ হাজার ১০০ মুসল্লি, জোহরে ৫ লাখ ১৮ হাজার, আসরে ৫ লাখ ৪৭ হাজার ৭০০, মাগরিবে ৭ লাভ ১০ হাজার ৫০০ মুসল্লি এবং এশা ও তারাবিতে ৭ লাখ ৩২ হাজার ৭০০ মুসল্লি উপস্থিত ছিলেন।
এছাড়া মসজিদের প্রধান প্রবেশদ্বারগুলোর মাধ্যমে ৬ লাখ ৬২ হাজার ৫০০ ওমরাহ পালনকারী প্রবেশ করেছেন। এত বিশাল সংখ্যক মুসল্লির উপস্থিতির অন্যতম কারণ হলো লাইলাতুল কদর পাওয়ার আশা।
খবরে বলা হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় মুসল্লিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে উন্নত ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ডিজিটাল পর্যবেক্ষণ প্রযুক্তি ব্যবহার করছে। এতে মসজিদের বিশাল পরিসরে চলাচল সহজ ও সুশৃঙ্খল রাখা সম্ভব হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এনআর