প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৮:৪৫ পিএম আপডেট: ১৮.০৩.২০২৫ ১০:৩২ এএম

বিগত আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এবং তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্য্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন যশোরের একটি আদালত।
সোমবার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক খোরশেদ আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন।
এ ছাড়া, পৃথক আরও একটি আবেদনের পরিপ্রেক্ষিতে তন্দ্রা ভট্টাচার্য্যের আয়করের মূল নথি জব্দের নির্দেশ দিয়েছেন বিচারক। খুলনা কর অঞ্চলের ডেপুটি কমিশনার অব ট্যাক্সেস সার্কেল-৮ যশোরকে তন্দ্রা ভট্টাচার্যের মূলনথি সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি সিরাজুল ইসলাম।
প্রসঙ্গত, সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য যশোর-৫ (মণিরামপুর) আসনের নির্বাচনে এমপি মনোনীত হয়েছিলেন। সর্বশেষ নির্বাচনে তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়েও বিজয়ী হতে পারেননি। এই নির্বাচনে তারই দলের তরুণ নেতা এসএম ইয়াকুব আলীর কাছে তার পরাজয় হয়।
স্বদেশ প্রতিদিন/এনআর