প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫, ১:২১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে মিছিল করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রূপগঞ্জ উপজেলা জামাতের আয়োজনে ভুলতা গাউছিয়া এলাকায় এ মিছিলে অংশগ্রহণ করেন জামায়াতের নেতা–কর্মী ও সমর্থকরা।
মিছিলটি ভুলতা গাউছিয়া স্টেশন মসজিদের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল, সাওঘাট হয়ে গাউছিয়া গোল চত্বরে এক পথসভায় শেষ হয়।
পথসভায় নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মমিনুল হক সরকার বলেন, "রমজানের পবিত্রতা রক্ষায় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। দ্রব্যমূল্য যারা বৃদ্ধি করছে, তাদের নিয়ন্ত্রণ ও আইনের আওতায় আনার ব্যবস্থা করা উচিত, যাতে রোজাদাররা শান্তিপূর্ণভাবে রোজা রাখতে পারেন।"
তিনি আরও বলেন, "দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার ৭ মাস অতিবাহিত হলেও আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি। এই রমজানের মধ্যে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।"
এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকার ওয়ारी পশ্চিম থানার শুরা ও কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসাইন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইশরাফিল হোসাইন, উপজেলা দক্ষিণ আমির সাইফুল ইসলাম সিরাজী, সেক্রেটারি আনিসুর রহমান, রূপগঞ্জ উপজেলা উত্তর আমির আব্দুল মজিদ, সেক্রেটারি খাইরুল ইসলাম, রূপগঞ্জ পশ্চিম আমির মাওলানা ফারুক আহমেদ, সেক্রেটারি মোঃ হানিফ ভূঁইয়া প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/এমআর