প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩১ পিএম

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শাবাব ফেব্রিকস লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ভালুকা উপজেলার হাজির বাজার এলাকায় প্রায় দেড় ঘণ্টা ধরে এই অবরোধ কর্মসূচি চলে। এতে চারলেনের মহাসড়কের দুইপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
শ্রমিকরা জানান, কারখানাটি ভালুকা সদর ইউনিয়নের বাশিল গ্রামে অবস্থিত এবং এখানে প্রায় ৫৫০ জন শ্রমিক কাজ করেন। চলতি মাস সহ তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করায় তারা রাস্তায় নেমে আসেন। এর আগে, নভেম্বর মাসে তাদের বকেয়া বেতন তিন কিস্তিতে পরিশোধ করেছিল কারখানা কর্তৃপক্ষ।
এ বিষয়ে ভালুকা প্রশাসন, ভালুকা মডেল থানা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং সেনাবাহিনী কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করার আশ্বাস দেয়। পরে আশ্বাস পাওয়ার পর বিক্ষোভকারীরা তাঁদের আন্দোলন তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। ভালুকা মডেল থানার ওসি শামসুল হুদা খান জানান, "কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেওয়ার পর বিক্ষোভ শেষ হয়।"
স্বদেশ প্রতিদিন/এমআর