
পবিত্র মাহে রমজান মাসের আগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকরা উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে এখানে ভিড় করছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলার জনপ্রিয় পর্যটন স্থানগুলো যেমন মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান এবং সবুজ চা বাগানে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি পরিবারসহ অন্যান্য পর্যটকরা এখানে এসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন।
কমলগঞ্জ উপজেলায় উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলো হলো লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ, হামহাম জলপ্রপাত, মাগুরছড়া খাসিয়া পুঞ্জি, শমশেরনগর গল্ফ মাঠ, শমশেরনগর বিমানবন্দর, সবুজ চা বাগানসহ নানা পর্যটন স্থান।
মাধবপুর লেকে পরিবারের সাথে ঘুরতে আসা নরসিংদীর সাদিক আব্দুলাহ জানান, “পবিত্র রমজানের আগে পরিবার নিয়ে কমলগঞ্জ ঘুরতে এসেছি। এখানে অনেকগুলো পর্যটনকেন্দ্র একসাথে দেখা যায়, যা অন্য কোথাও পাওয়া যায় না। এই এলাকার পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করতে হবে, যাতে আরও অনেক পর্যটক এখানে আসতে পারেন।”
ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের পুলিশ পরিদর্শক (নিঃ) মো. কামরুল হোসেন চৌধুরী বলেন, "কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এলাকায় আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ সবসময় কাজ করছে। এখানে সারা বছর দেশি-বিদেশি পর্যটকরা ঘুরতে আসেন।"
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, "পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি কমলগঞ্জ থানা পুলিশও কাজ করছে। পর্যটকদের নির্বিঘ্নে চলাফেরা করার জন্য আমরা সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
এভাবে, কমলগঞ্জের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় বেড়ে যাওয়ায়, এখানকার পর্যটন শিল্প আরও প্রসারিত হতে পারে, যদি আরও সুযোগ-সুবিধা বাড়ানো হয়।
স্বদেশ প্রতিদিন/এমআর