প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৩৯ AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা এখন প্রযুক্তির দিক থেকে পিছিয়ে পড়বে না—এমন প্রতিশ্রুতি দিয়ে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: নাহিদ ইসলাম বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) 'কম্পিউটার হস্তান্তর' অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, সচিব শীষ হায়দার চৌধুরী, প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং বিশ্ববিদ্যালয়ের ৫টি মেয়েদের হলের প্রভোস্টরা।
নাহিদ ইসলাম বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা পুরুষদের তুলনায় প্রযুক্তিতে কম সুবিধা পেয়েছে। আমরা এই বৈষম্য দূর করতে কাজ করছি এবং নারী শিক্ষার্থীদের জন্য হলগুলোতে ডিজিটাল সুবিধা নিশ্চিত করব।" তিনি আরও জানান, "আমার প্রথম প্রকল্পটি নারী শিক্ষার্থীদের হলগুলোর উন্নয়ন কেন্দ্র করে শুরু করেছি, কারণ তাদের অবদান ছাড়া গণতান্ত্রিক আন্দোলন সফল হতো না।"
এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক উমামা ফাতেমা মেয়েদের হলগুলোতে ইন্টারনেট সংযোগ শক্তিশালী করার দাবি জানান। এতে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান তাঁর বক্তব্যে বলেন, "ইন্টারনেট সংযোগ এখন শিক্ষার্থীদের মৌলিক অধিকার।"
এই উদ্যোগের অংশ হিসেবে, কম্পিউটার ল্যাবগুলোর কার্যকর ব্যবহারের জন্য সার্বক্ষণিক নজরদারি রাখা হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব।
স্বদেশ প্রতিদিন/এমআর