
সংগৃহীত ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদ এবং তাদের দেশে অনুপ্রবেশ ঠেকানোর দাবিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে ভোমরা স্থলবন্দর এলাকায় সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘ভোমরা বন্দর দিয়ে শেখ হাসিনার দেশে আসার কোনো সুযোগ নেই। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাঁকে প্রতিহত করা হবে। পৃথিবীর এমন কোনো শক্তি নেই, যে শেখ হাসিনাকে আর দেশে ফেরাতে পারে।’
জেলা বিএনপির আহ্বায়ক এইচএম রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী ও সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
সভাপতির বক্তব্যে এইচএম রহমাতুল্লাহ পলাশ আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা সরকার ফেলে দেওয়ার দিবাস্বপ্ন দেখবেন না। সাতক্ষীরা সীমান্তে কিছু হলে তাদের শুধু প্রতিহত করা হবে না, ধ্বংস করে দেওয়া হবে।’
জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘কোনোভাবেই হিংস্র রক্তখেকো হাসিনাকে বাংলার মানুষ আর গ্রহণ করবে না।’
জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ বলেন, ‘সরকার চিঠি দিয়েছে তাঁকে ফেরত দেওয়ার জন্য। তিনি ওইভাবে আসবেন না, আসবেন সীমান্ত দিয়ে। তা হলে আমরা কি বসে বসে তামাক খাব? এই সাতক্ষীরা দেশের ৬৪ জেলার মধ্যে ব্যতিক্রম। এই সীমান্ত দিয়ে তাঁকে ফেরত আসতে দেওয়া হবে না।’
জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু বলেন, বাংলাদেশের প্রতিটি সীমান্তে ছাত্র-জনতা নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তুলেছে। কোনোভাবেই শেখ হাসিনাকে সীমান্ত দিয়ে দেশে ঢুকতে দেওয়া হবে না।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়, যেসব সরকারপ্রধান দেশ ছেড়ে পালিয়ে যান, তাঁরা আর কখনো ফিরে আসেন না। শেখ হাসিনার ফিরে আসার সব অপচেষ্টা রুখে দেওয়া হবে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতি বলেন, ভারত ও দেশটির জনগণকে জানাতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগের থাকার অধিকার নেই। তাদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান বলেন, ১ হাজার ৪০০ মানুষের রক্তের বিনিময়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ঠাঁই বাংলার মাটিতে হবে না। তাঁকে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করা হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি রফিকুল আলম বাবু, বিএনপি নেতা আয়ুব হোসেন মুকুল, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শের আলী, পৌর বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম, সাবেক সদস্যসচিব আতাউর রহমান, জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টো, সদস্যসচিব শরিফুজ্জামান সজীব, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক মীর্জা অর্ঘ্য এবং মৎস্যজীবী দলের নেতা বাবলুপ্রমুখ।