প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৬:৩২ পিএম

সংগৃহীত ছবি
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুটি বিশেষ অভিযানে ৫টি দেশীয় তৈরি একনলা (ওয়ান শুটার) বন্দুক, ৫টি কার্তুজ এবং ৩ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) ভোরে রাজবাড়ী সদর থানাধীন উরাকান্দা এলাকায় এসব অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. জালাল প্রামাণিক ওরফে জাকির হালিম (৩৭)। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে দুটি হত্যা ও একটি অস্ত্র মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোর পৌনে ৫টার দিকে সদর থানার বড় বাজার ২ নম্বর রেলগেট এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, উরাকান্দা বিচ (ইউকে বিচ) সংলগ্ন গোদার বাজার ঘাট থেকে অন্তর মোড়গামী বেড়িবাঁধের ওপর কয়েকজন ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে ভোর ৫টা ১০ মিনিটের দিকে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে জালাল প্রামাণিক ওরফে জাকির হালিমকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার কাছে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৩টি একনলা (ওয়ান শুটার) বন্দুক এবং তার প্যান্টের পকেট থেকে ৫টি ১২ বোরের কার্তুজ ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় অবৈধ অস্ত্র কেনাবেচার কাজে ব্যবহৃত একটি কালো রঙের মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিন ডিবি পুলিশের অপর একটি বিশেষ অভিযানে সদর উপজেলার উরাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ২টি দেশীয় একনলা (ওয়ান শুটার) বন্দুক উদ্ধার করা হয়।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেপ্তারের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।