প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:২৭ পিএম

যশোর শহরের গাড়িখানা এলাকায় প্রকাশ্যে নুর নবী নামের এক যুবককে ছুরিকাঘাত করে পালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর আড়াইটার দিকে। আহত নুর নবী গাড়িখানা এলাকায় আওয়ামী লীগ অফিসের পেছনে পারভেজের বাড়ির কেয়ারটেকার। এছাড়া তার গাড়িখানা আওয়ামী লীগ অফিসের নিচের একটি গলির মুখে টং দোকান রয়েছে। ভেতরে পারভেজদের বাড়িতেই তিনি বসবাস করেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে নুর নবীর বাড়ি থেকে চিৎকার-চেঁচামেচি শোনা যায়। কিছু সময় পর দেখা যায়, নুর নবী রক্তাক্ত অবস্থায় দৌড়ে পাশে থাকা পুরাতন কসবা ফাঁড়িতে আশ্রয় নেন। এ সময় তার হাতে একটি কাঁচি দেখা যায়। এসময় পুরাতন কসবা পুলিশ ফাঁড়ি সদস্যরা তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ দেখেই দূর্বিত্তরা ওই গলি থেকে বের হয়ে মসজিদ গলি দিয়ে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়। পরে আহত অবস্থায় নুর নবীকে স্থানীয়রা যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে ভর্তি অবস্থায় নুর নবী জানান, বিরামপুরের রতনের সাথে তার পূর্বশক্রতা ছিলো। সেই জেরে দুপুরে এসে তাকে প্রথমে মারপিট করে এরপর তাকে একের পর এক ছুরিকাঘাত করে। পূর্বশক্রতার কারন যানতে চাইলে তিনি বলেন, রতনের শিশু সন্তান গাড়ি খানা এলাকায় রেখে এদিক সেদিক চলে যায়। শিশুসন্তান রাস্তার এপার ওপার যাতায়াত করে। শনিবার রতনকে পেয়ে ডেকে শাসন করেন ও কয়েকটি চর থাপ্পর মারেন। এর কিছু সময় পর রতন সন্ত্রাসী এনে তার উপর হামলা চালায়। তিনি আরও জানান, রতন যশোরের আলোচিত যুবলীগ নেতা শাহাজান কবির শিপলুর ড্রাইভার ছিলেন। তৎকালীন সময়ে এই রতনের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো।
এদিকে, স্থানীয় একটি সূত্র জানায়, আহত নুর নবীর বিরুদ্ধেও নানা অভিযোগ রয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে পুরাতন কসবা পুলিশ মাঠে রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি